বদলে গেল ১৬ অগাস্টের পরিচিতি! ‘খেলা হবে’ দিবস বাতিল করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজনৈতিক পট পরিবর্তনের রেশ এবার ক্যালেন্ডারের পাতাতেও। তৃণমূল জমানার ‘খেলা হবে’ দিবস বাতিলের সিদ্ধান্ত নিল বর্তমান শুভেন্দু-সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, এখন থেকে ১৬ অগাস্ট দিনটি আর ‘খেলা হবে’ দিবস হিসেবে পালিত হবে না। এর পরিবর্তে রাজ্য জুড়ে পালিত হবে ‘আয়ুষ্মান দিবস’।

কেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত?
রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় দলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৬ অগাস্টের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, “১৬ অগাস্ট কলকাতার ইতিহাসে একটি অত্যন্ত ভয়ঙ্কর ও কালো দিন। ১৯৪৬ সালের এই দিনেই সুরাবর্দির নেতৃত্বে ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ বা সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছিল, যা বহু মানুষের প্রাণ কেড়েছিল। সেই দিনটিকে ঘটা করে ‘খেলা হবে’ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত ছিল তৃণমূল সরকারের, যা অত্যন্ত বেদনাদায়ক।”

মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, বর্তমান সরকার এই দিনের ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে এবং জনকল্যাণমূলক কাজের প্রসারে দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আয়ুষ্মান ভারত ও সরকারি প্রকল্পের ভবিষ্যৎ
বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৭০ বছর বা তার বেশি বয়সি প্রত্যেক নাগরিক আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পাশাপাশি অন্যান্য যোগ্য ব্যক্তিরাও এই প্রকল্পের আওতায় আসবেন। তিনি স্পষ্ট করেন, যারা এই প্রকল্পের বাইরে থাকবেন, তাদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা’র ব্যবস্থা থাকবে।

সরকারি প্রকল্পের সুফল পাওয়ার বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে শুভেন্দু বলেন, “সরকারি প্রতিটি জিনিসের নিয়ম থাকা আবশ্যক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে ১ কোটি ২০ লক্ষ মানুষকে দেড় মাসের মধ্যে সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। বাকি যোগ্যদেরও তালিকাভুক্ত করা হচ্ছে, তবে অযোগ্যদের এই তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

তৃণমূল জমানার সিদ্ধান্তের বদল
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কাণ্ডারি ছিল ‘খেলা হবে’ স্লোগান। পরবর্তীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ অগাস্টকে ‘খেলা হবে দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের সেই জমানা অতীত। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক পুরনো সিদ্ধান্তের বদল ঘটাচ্ছে শুভেন্দু-সরকার। সেই তালিকায় এবার ১৬ অগাস্টের দিনলিপিও নতুন রূপ পেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *