‘কৃষ ৪’-এর ব্যস্ততার মাঝেই বড় চমক! হৃতিক রোশনের নতুন প্রজেক্ট নিয়ে শোরগোল বলিউডে

‘আলফা’ সিনেমায় ক্যামিও চরিত্রে বাজিমাত করার পর থেকেই হৃতিক রোশনের পরবর্তী প্রজেক্ট নিয়ে উত্তাল বি-টাউন। শোনা যাচ্ছে, ব্লকবাস্টার ‘ছাওয়া’ খ্যাত পরিচালক লক্ষ্মণ উতেকর তাঁর পরবর্তী ছবির জন্য সুপারস্টার হৃতিক রোশনকে প্রস্তাব দিয়েছেন। বর্তমানে পরিচালক তাঁর আসন্ন ছবি ‘ইঠা’-র মুক্তির অপেক্ষায় রয়েছেন, যেখানে শ্রদ্ধা কাপুরকে প্রধান চরিত্রে দেখা যাবে। এই ছবির কাজ শেষ করেই তিনি হৃতিককে নিয়ে বড় কোনো প্রজেক্ট শুরু করতে চান। তবে রিপোর্ট অনুযায়ী, হৃতিক এখনও এই প্রস্তাবে কোনো চূড়ান্ত সম্মতি দেননি।

এই মুহূর্তে হৃতিক রোশনের সম্পূর্ণ মনোযোগ তাঁর দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘কৃষ ৪’-এর দিকে। এই ছবির মাধ্যমেই পরিচালনায় পা রাখতে চলেছেন অভিনেতা, তাই ছবির প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে তিনি ভীষণ ব্যস্ত। এছাড়া, সুপারস্টার রজনীকান্তের ‘জेलर ২’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে তাঁকে দেখা যাবে। শোনা যাচ্ছে, চেন্নাইয়ে ইতিমধ্যে শুটিংয়ের কাজও শেষ করেছেন অভিনেতা। প্রায় ৪০ বছর পর রজনীকান্ত ও হৃতিককে ফের একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এখন দেখার বিষয়, ‘কৃষ ৪’-এর ব্যস্ত শিডিউলের মাঝে লক্ষ্মণ উতেকরের নতুন ছবিতে অভিনয়ের জন্য হৃতিক সময় বের করতে পারেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *