লাইভ ম্যাচে কন্ডোমের বিজ্ঞাপন! বিসিসিআই-কে কাঠগড়ায় তুলে সংসদে যাওয়ার হুঁশিয়ারি দিলেন কীর্তি আজাদ

ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচের লাইভ সম্প্রচারের মাঝেই কন্ডোমের বিজ্ঞাপন দেখানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। শিশুদের সামনে এমন বিজ্ঞাপন প্রচারকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে তিনি বিসিসিআই (BCCI)-এর দিকে আঙুল তুলেছেন। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বিষয়টি তিনি সংসদের শীতকালীন অধিবেশনে উত্থাপন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
কী অভিযোগ কীর্তি আজাদের? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ নিজের ক্ষোভ উগরে দিয়ে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ লিখেছেন, “ভারত-ইংল্যান্ড আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি অসংখ্য শিশু ও কিশোর-কিশোরী টিভিতে দেখছিল। এই ধরনের একটি পারিবারিক আবহে ডিউরেক্স-এর মতো প্রাপ্তবয়স্কদের পণ্য প্রচারের বিজ্ঞাপন ভেসে আসা একেবারেই কাম্য নয়।”
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “ভারতে ক্রিকেটকে ধর্মের মতো দেখা হয়। ৪৪ কোটির বেশি মানুষ যখন ম্যাচ দেখেন, তখন বিজ্ঞাপন নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।”
সংসদে যাওয়ার হুমকি কীর্তি আজাদ বিসিসিআই-কে অনুরোধ করেছেন, যেন দ্রুত এই ধরনের বিজ্ঞাপনের প্রচার বন্ধ করা হয় এবং সম্প্রচারের মান নিয়ন্ত্রণ করা হয়। তিনি স্পষ্ট করে বলেছেন, “যদি বিসিসিআই এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ না নেয়, তবে আমি দেশের সংসদে এই বিষয়টি তুলব। শিশুদের ওপর এই ধরণের বিজ্ঞাপনের প্রভাব কতটা ক্ষতিকর হতে পারে, তা নিয়ে সরকারকে জবাব দিতে হবে।”
উল্লেখ্য, খেলার মাঠের বিজ্ঞাপন বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে ক্রিকেট ম্যাচে ‘অ্যাডাল্ট’ বা প্রাপ্তবয়স্কদের পণ্যের বিজ্ঞাপন নিয়ে কোনো বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটারের এই ধরনের কড়া অবস্থান খেলার জগতের নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।