“মজুরি বাড়ল ১২৫ দিনের কাজে”-চালু হল VB–G RAM G প্রকল্প, জেনেনিন কত পাবেন?

বুধবার থেকে দেশজুড়ে কার্যকর হলো কেন্দ্রীয় সরকারের নতুন ‘বিকশিত ভারত রোজগার-এ-আজীবিকা মিশন (গ্রামীণ) আইন, ২০২৫’। এই প্রকল্পের আওতায় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে, যার ফলে সরাসরি উপকৃত হবেন বাংলার শ্রমিকসহ দেশের কোটি কোটি গ্রামীণ পরিবার।

কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন কর্মসংস্থানের নিশ্চয়তা ছিল ১০০ দিনের, যা এখন বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। জাতীয় গড় মজুরি দৈনিক ২৯৮.৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২৭.৪ টাকায়—অর্থাৎ দৈনিক গড়ে ২৮.৬ টাকা বৃদ্ধি পেয়েছে। সরকার নিশ্চিত করেছে যে, এই প্রকল্পের অধীনে কোনো শ্রমিকের দৈনিক মজুরি কোনোভাবেই ৩০০ টাকার নিচে থাকবে না।

বাংলার জন্য সুসংবাদ: নতুন এই কাঠামোয় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কম মজুরির রাজ্যগুলো। মন্ত্রকের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে ১৫% থেকে ২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধি পাবে। এর ফলে বাংলার গ্রামীণ শ্রমিকদের আয়ের পথ অনেকটাই সুগম হবে বলে আশা করা যাচ্ছে।

অন্যান্য রাজ্যের পরিস্থিতি: সংশোধিত মজুরি কাঠামো অনুযায়ী, হরিয়ানায় দৈনিক ৪০৯ টাকা, গোয়ায় ৪০৬ টাকা, কেরালায় ৪০১ টাকা এবং সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ ৪৫০ টাকা দৈনিক মজুরি নির্ধারিত হয়েছে।

ইতিহাস ও লক্ষ্য: এই প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ৯৫,৬৯২.৩১ কোটি টাকার অন্তর্বর্তীকালীন বরাদ্দ দিয়েছে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “সরকারের মূল অগ্রাধিকার হলো গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। একটি সমৃদ্ধ গ্রাম গড়ার মাধ্যমে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যেই এই আইনটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।”

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টায় এই নতুন মিশন এখন থেকে প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারের কাছে কর্মসংস্থানের সুনিশ্চিত বার্তা পৌঁছে দেবে। সময়মতো মজুরি প্রদান ও প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *