রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগ! কয়েক ঘণ্টার অভিযানে গ্রেফতার ৮, তোলপাড় অযোধ্যায়

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া পবিত্র অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া এফআইআর-এর কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশ। মামলা দায়ের হওয়ার পরপরই বৃহস্পতিবার অভিযুক্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে এখন তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল (SIT)।

কারা এই অভিযুক্ত?
‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্য কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়। এফআইআর-এ নাম থাকা অভিযুক্তরা হলেন—অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লভকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর যাদব (ওরফে টিন্নু)। এদের বিরুদ্ধে চুরি, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তের প্রেক্ষাপট
মন্দিরের অনুদান ও অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ওঠার পর গত ১৩ জুন উত্তরপ্রদেশ সরকার একটি এসআইটি (SIT) গঠন করে। এই তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্টের সুপারিশের ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর কৃষ্ণ মোহনকে ট্রাস্টের ট্রাস্টি হিসেবে অন্তর্ভুক্ত করার পর থেকেই আর্থিক তছরুপের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক তরজায় সরগরম রাজ্য
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল উত্তরপ্রদেশের রাজনীতি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই তদন্ত প্রক্রিয়া নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, সরকার এই তদন্তের মাধ্যমে কেবল ‘ছোট মাছ’ বা ছোট অভিযুক্তদের শাস্তির মুখে ফেলে বড় রাঘববোয়ালদের আড়াল করার চেষ্টা করছে। অখিলেশের দাবি, তদন্তের প্রক্রিয়াটি আগে থেকেই সাজানো ছিল এবং তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদ (VHP) বিষয়টিকে আসন্ন ২০২৭ বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে।

এখন দেখার বিষয়, পুলিশের এই তদন্তে আর কোনো প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে কি না, যা এই বিতর্ককে আরও গভীর খাতে নিয়ে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *