‘মনে হচ্ছিল ফুটবল থেকে অবসর…?’,-বিশ্বকাপে কামব্যাক করেই আবেগঘন রোনাল্দো

টানা ১০ ম্যাচে গোল নেই। ইউরো থেকে ফুটবল বিশ্বকাপ—গত দুই বছর ধরে যেন গোলমেশিন রোনাল্দোর নামের পাশে ‘ব্যর্থতা’ শব্দটা বড় বেশি উচ্চারিত হচ্ছিল। কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্রয়ের পর সমালোচনার ঝড় উঠেছিল খোদ রোনাল্দোকে ঘিরেই। তবে মঙ্গলবার রাতে উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে সব সমালোচনার মোক্ষম জবাব দিলেন পর্তুগিজ মহাতারকা। মাঠে ফেরা যেমন সহজ ছিল না, তেমনি সহজ ছিল না এই দীর্ঘ মানসিক লড়াই।
অন্ধকার সেই সময়ের কথা ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে পারেননি রোনাল্দো। অকপটেই স্বীকার করলেন, সমালোচনার মুখে দাঁড়িয়ে একসময় মনে হয়েছিল তিনি যেন ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছেন। সিআরসেভেন বলেন, “যারা কঠোর পরিশ্রম করে, ঈশ্বর তাদের সহায় হন। এটা খুব কঠিন একটা সময় ছিল—পুরো সপ্তাহটা কেটেছে অন্ধকারের মধ্যে। মনে হচ্ছিল, আমি যেন ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছি। কিন্তু আমি হাল ছাড়িনি, নিজের কঠোর পরিশ্রমে বিশ্বাস রেখেছি।”
সমালোচকদের নিয়ে স্পষ্ট বক্তব্য কোচ রবার্তো মার্তিনেস এবং রোনাল্দো—দুজনকেই গত কয়েক সপ্তাহে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা এসবে খুব একটা বিচলিত নন। তিনি বলেন, “আমি ২৩ বছর ধরে ফুটবল খেলছি। যখন সবকিছু ঠিক থাকে, তখন সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়। আর খারাপ সময় এলেই বলা হয়, ক্রিস্তিয়ানোর বয়স হয়েছে, সে শেষ! এসব কথায় আমি অভ্যস্ত।”
পর্তুগালের সামনে কঠিন চ্যালেঞ্জ উজবেকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে ছন্দে ফিরলেও পর্তুগালের উদ্বেগ কমছে না। কলম্বিয়ার দুর্দান্ত পারফরম্যান্স বিশ্বকাপের নক-আউট পর্বে পর্তুগালের পথকে আরও কঠিন করে তুলেছে। সামনেই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই পরিস্থিতিতে প্রতিটি পয়েন্টই এখন সোনার মতো দামি। রোনাল্দোর এই ফর্ম কি পর্তুগালকে বিশ্বকাপের নক-আউটে তুলতে সাহায্য করবে? সেটাই এখন দেখার বিষয়।