ডিমের দামে আগুন! ১০ দিনে ট্রে প্রতি দাম বাড়ল ২০ টাকা, মধ্যবিত্তের নাভিশ্বাস

ফের অগ্নিমূল্য ডিমের বাজার। গত ১০ দিনে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। প্রতিদিন ১০-২০ পয়সা করে বাড়তে বাড়তে ডিমের দাম এখন আকাশছোঁয়া। এক পিস ডিম কিনতে এখন সাধারণ ক্রেতাকে গুনতে হচ্ছে ৮ টাকা।

ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ১০ দিন আগে পাইকারি বাজারে ডিমের ট্রে (৩০টি ডিম) ছিল ১৮৬ টাকা, যা এখন বেড়ে হয়েছে ২০৬ টাকা। খুচরো বাজারে ছবিটা আরও ভয়াবহ; সেখানে ট্রে প্রতি দাম ঠেকেছে ২২০-২২৫ টাকায়। পাড়ার মোড়ের দোকানগুলিতে এক জোড়া ডিম কিনতে খরচ হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা।

রাজনীতির আঁচ নাকি বাজারের নিয়ম?
রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আবহে তৃণমূল নেতাদের দিকে ডিম ছোড়ার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই দাম বৃদ্ধির পেছনে ‘রাজনৈতিক কারণ’ খুঁজছেন। সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে গুঞ্জন, নেতাদের দিকে ডিম ছোড়ার হিড়িক বাড়ায় চাহিদার তুলনায় জোগান কমছে, আর তাতেই দাম বাড়ছে। যদিও বিজেপি নেতাদের একাংশ রসিকতা করে বলছেন, এই কারণেই ডিমের দাম এতটা বেড়েছে।

কী বলছে পোলট্রি ফেডারেশন?
এই জল্পনা সরাসরি নস্যাৎ করে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি। তিনি জানান, রাজনৈতিক কারণে নয়, দাম বাড়ার আসল কারণ হলো উৎপাদন খরচ। মদন মাইতি বলেন, “গত এক মাসে পোল্ট্রি খাদ্যের কাঁচামালের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এছাড়া গরমের কারণে উৎপাদন কম হচ্ছে। রাজ্যে প্রতিদিন সাড়ে ৪ কোটি ডিমের চাহিদা রয়েছে, সেখানে হাতে গোনা কয়েকটি ডিম ছোড়ার ঘটনায় বাজারের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই।”

তিনি আরও স্পষ্ট করেন, কৃষকদের লোকসান রুখতে ডিমের দাম ৮ টাকা হওয়া বর্তমান সময়ে জরুরি। অর্থাৎ, আপাতত ডিমের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা।