‘১২টা বাজিয়ে দেব!’— ভোটের সময় করা মন্তব্যে ফের আইনি ফাঁসে মমতা বন্দ্যোপাধ্যায়

একের পর এক বিতর্কিত মন্তব্য ঘিরে ক্রমেই বাড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি অস্বস্তি। বাংলাদেশের ওসমান গনি হত্যা সংক্রান্ত মন্তব্যের জেরে দায়ের হওয়া এফআইআরের রেশ কাটতে না কাটতেই, এবার ভোটের আবহে করা আরও এক উস্কানিমূলক মন্তব্যের জেরে নতুন করে থানায় অভিযোগ দায়ের হলো তাঁর বিরুদ্ধে।

ঠিক কী অভিযোগ?
ঘটনার সূত্রপাত এই বছরের শুরুর দিকে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে। ধর্মতলার এক মঞ্চ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মঞ্চ থেকে তিনি বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।”

তৎকালীন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে সেই সময়েই নাগরিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। সাংবিধানিক পদে থেকে এই ধরনের ‘হুমকিমূলক’ ভাষা প্রয়োগ কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকরা।

হেয়ারস্ট্রিট থানায় মামলা:
সূত্রের খবর, এই মন্তব্যের জেরে এবার কলকাতার হেয়ারস্ট্রিট থানায় এক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে করা মন্তব্যের জন্য শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া অভিযোগের পাশাপাশি, এই নতুন ঘটনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ও তৃণমূলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

রাজনৈতিক মহলের মতে, একের পর এক মামলায় আইনি জটিলতা বাড়তে থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তলব করে কি না, এখন সেটাই দেখার বড় বিষয়। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।