রেস্তোরাঁর মতো তন্দুরি রুটি এবার বাড়িতেই! শেফের এই দারুণ ‘কুকার হ্যাক’ জানলে অবাক হবেন

ছুটির দিনে ডাল মাখানি বা পনির বাটার মশলার সঙ্গে গরম গরম তন্দুরি রুটির স্বাদ কার না ভালো লাগে? কিন্তু বাড়িতে কয়লার তন্দুর নেই বলে অনেকেই এই স্বাদ থেকে বঞ্চিত হন। তবে এখন আর রেস্তোরাঁর বিলে বাড়তি খরচ নয়, শেফ আমান বিসারিয়ার এই সহজ প্রেসার কুকার হ্যাক আপনাকে দেবে একদম প্রফেশনাল তন্দুরি রুটির স্বাদ!

উপকরণ:

১ কাপ আটা (ময়দাও নিতে পারেন)

১ টেবিল চামচ টক দই

এক চিমটে বেকিং পাউডার

সামান্য নুন ও ১ চা চামচ তেল

কালোজিরে ও ধনেপাতা কুচি (রুটির উপর ছড়িয়ে দেওয়ার জন্য)

পরিবেশনের জন্য মাখন বা ঘি।

তৈরির পদ্ধতি:
১. মন্ড তৈরি: একটি পাত্রে আটা, টক দই, বেকিং পাউডার, নুন ও তেল ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে ৫-৭ মিনিট ধরে মাখুন যতক্ষণ না একটি নরম মণ্ড তৈরি হয়। এরপর ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
২. লেচি ও বেলা: আটা সেট হয়ে গেলে লেচি কেটে মাঝারি পুরু রুটি বেলে নিন। খেয়াল রাখবেন, তন্দুরি রুটি খুব বেশি পাতলা হলে আসল টেক্সচার পাওয়া যাবে না।
৩. জলের প্রলেপ: রুটির এক পিঠে ব্রাশ দিয়ে ভালো করে জল মাখিয়ে নিন। এটিই রুটিকে কুকারের গায়ে আটকে থাকতে সাহায্য করবে।
৪. কুকারে সেঁকা: প্রেসার কুকারটিকে গ্যাসে উল্টো করে রেখে বেশ ভালোমতো গরম করে নিন। এবার জলের প্রলেপ দেওয়া অংশটি কুকারের ভেতরের দেওয়ালে সাবধানে চেপে আটকে দিন।
৫. স্মোকি ফিনিশ: রুটি ফুলতে শুরু করলে এবং বাবল দেখা দিলে, কুকারটির হাতল ধরে সরাসরি আগুনের শিখার ওপর ধরুন। ঘুরিয়ে ফিরিয়ে সেঁকুন যাতে রেস্তোরাঁর মতো গাঢ় বাদামি পোড়া দাগ বা চারকোল স্পট তৈরি হয়।
৬. পরিবেশন: চিমটের সাহায্যে আলতো করে ছাড়িয়ে নিয়ে গরম রুটির ওপর মাখন বা ঘি ব্রাশ করে দিন।

ব্যাস! তৈরি আপনার ধোঁয়া ওঠা স্মোকি তন্দুরি রুটি। বাড়ির তৈরি এই রেসিপি প্রথম কামড়েই চমকে দেবে সবাইকে। আর রেস্তোরাঁয় যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না!