পশ্চিমবঙ্গ দিবসে বড় ঘোষণা! স্কুল-কলেজে সেমিনার, বিশ্ববিদ্যালয়ের পুরনো কমিটি নিয়ে বিস্ফোরক মন্ত্রী

আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’কে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি গ্রহণ করল রাজ্য সরকার। এই বিশেষ দিনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তারকেশ্বরের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখেই রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দফতর।

স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি
উচ্চশিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২০ জুন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। শুধু ওই দিনটিই নয়, ২০ জুন থেকে পরবর্তী দুই সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ তৈরির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করার নির্দেশ দিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

মন্ত্রী বলেন, “১৯৪৭ সালে কীভাবে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল, সেই ইতিহাস আজকের প্রজন্মের অনেকেরই অজানা। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে অবগত করতেই এই সেমিনার।” উল্লেখ্য, আইনসভায় পশ্চিমবঙ্গ তৈরির ভোটাভুটির দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই তারিখটি বেছে নেওয়া হয়েছে। ঐতিহাসিক তারকেশ্বর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব গ্রহণ করেছিলেন, তাই সেখানেই আয়োজিত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বড় রদবদল
এদিকে, পশ্চিমবঙ্গ দিবস পালনের বার্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি (Executive Council) নিয়েও কড়া অবস্থান নিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, পূর্বতন সরকারের আমলে মনোনীত ব্যক্তিদের দ্রুত পদত্যাগ করা উচিত।

মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলোর পরিচালন সমিতি ভেঙে দিয়েছেন। কিন্তু এখনও কিছু বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলে পুরনো আমলের ব্যক্তিরা রয়েছেন। আমি বলব, নিজেদের বিবেকের কথা শুনে তাঁরা পদত্যাগ করুন।” খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিগুলোতে নতুন এবং যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।