বিশ্বকাপ জয় কি কেবলই ভাগ্য? আটটি দেশের রহস্য ফাঁস করলেন জার্মান বিশ্লেষক!

ফিফা বিশ্বকাপের ট্রফি কাদের ঘরে যাবে? এই প্রশ্নের উত্তরের সন্ধানে প্রযুক্তি আর জ্যোতিষবিদ্যার লড়াই দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে সুপারকম্পিউটারগুলোও মাঠে নেমেছে। কিন্তু এই সবকিছুর ভিড়ে জার্মান আর্থিক বিশ্লেষক ইয়োআখিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি গত তিনটি আসরের চ্যাম্পিয়নদের নাম সঠিকভাবে অনুমান করে তাক লাগিয়ে দিয়েছেন।

ক্লেমেন্টের মতে, আধুনিক ফুটবলে পরিসংখ্যান ছাপিয়েও একটি বড় ভূমিকা পালন করে ‘ভাগ্য’। বিবিসি স্পোর্টকে তিনি বলেন, “নির্দিষ্ট দিনে কোনো দলের ফর্ম, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত বা বল পোস্টে লেগে জালে জড়ানো—এগুলো সম্পূর্ণ অপ্রত্যাশিত। ফুটবল মাঠে কোনো কিছুই আগে থেকে নিশ্চিত করে বলা সম্ভব নয়।”

বিশ্বকাপ জয়ের এলিট ক্লাব বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে ৮৪টি দেশ অংশ নিলেও, ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে মাত্র আটটি দল: আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এবং উরুগুয়ে।

কেন এই ৮টি দেশই শীর্ষে? বিশ্লেষকদের মতে, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথটি অত্যন্ত বন্ধুর। ফাইনালে ওঠার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু দেশের আধিপত্য লক্ষ্য করা যায়। এখন পর্যন্ত জার্মানি সর্বোচ্চ ৮ বার, ব্রাজিল ৭ বার এবং আর্জেন্টিনা ও ইতালি ৬ বার ফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে। ২০১০ সালে স্পেন সর্বশেষ নতুন দল হিসেবে চ্যাম্পিয়ন হয়ে সেই এলিট ক্লাবে প্রবেশ করে। এরপর থেকে গত ১৪ বছরে আর কোনো নতুন দেশ এই তালিকায় নিজের নাম লেখাতে পারেনি।

ইতিহাস বলছে, বিশ্বকাপ জয়ের পেছনে যেমন কঠোর পরিশ্রম ও রণকৌশল প্রয়োজন, তেমনি প্রয়োজন সেই বিশেষ ‘মুহূর্তের’ ভাগ্য। পরবর্তী চ্যাম্পিয়ন কে হবে, তা সময় বলবে—তবে পরিসংখ্যান ও ইতিহাস বলছে, এই এলিট ক্লাবের বাইরে নতুন কারও জায়গা করে নেওয়া বর্তমান ফুটবলে আকাশকুসুম কল্পনাই বটে।