সোশ্যাল মিডিয়ায় সোনার গয়না আর বিলাসবহুল জীবন দেখানোর চরম মাশুল! ইউটিউবারের বাড়িতে যা ঘটল….

সোশ্যাল মিডিয়ায় লাইক আর ফলোয়ার বাড়ানোর চক্করে যে এত বড় বিপদ নেমে আসতে পারে, তা হয়তো স্বপ্নেও ভাবতেও পারেননি মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা রচনা গুর্জর। পেশায় নামী ইউটিউবার রচনার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায়ই তাঁর বিলাসবহুল জীবনযাপন, দামি গাড়ি এবং কোটি টাকার সোনা-দানার গয়নাগাটির ছবি ও ভিডিও ভেসে উঠত। আর এই আকাশছোঁয়া জনপ্রিয়তাই শেষ পর্যন্ত তাঁর জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াল। সম্প্রতি রচনার মোহনি গ্রামের বাড়িতে হানা দিয়ে লাখ লাখ টাকার সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে চম্পট দিল একদল চোর। এই রোমহর্ষক ঘটনার পর পুলিশের প্রাথমিক অনুমান, সোশ্যাল মিডিয়ায় রচনার বিত্তবৈভবের লাগামহীন প্রদর্শনী দেখেই হয়তো অপরাধীরা এই বাড়িটিকে তাদের মূল নিশানা করেছিল।
ঠান্ডা মাথায় ছক, সিসিটিভি ক্যামেরার দিক বদল!
চুরি করার আগে অপরাধীরা যে অত্যন্ত ঠাণ্ডা মাথায় নিখুঁত পুরো ছক কষেছিল, তা বাড়ির ভেতরের ও বাইরের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে স্পষ্ট হয়েছে। ফুটেজে দেখা গেছে, চোরেরা গভীর রাতে একটি বড় মই নিয়ে রচনার বাড়ির দেওয়ালে ওঠে এবং পাঁচিলে থাকা সুরক্ষার লোহার তারগুলো কেটে ভেতরে ঢোকার রাস্তা তৈরি করে। শুধু তাই নয়, ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা অত্যন্ত চাতুর্যের সঙ্গে একটি লাঠি ব্যবহার করে সিসিটিভি ক্যামেরাটিকে উপরের আকাশের দিকে ঘুরিয়ে দেয়, যাতে অপরাধ করার সময় তাদের মুখ কোনওভাবেই ক্যামেরায় বন্দি না হয়।
ঘর জুড়ে ধ্বংসলীলা, আলমারি ভেঙে সাফ লাখ লাখ টাকা
বাড়ির ভেতরে ঢুকে চোরেরা একের পর এক আলমারি ভেঙে তছনছ করে সোনা ও রূপোর ভারী গয়না সহ সমস্ত নগদ টাকা হাত সাফাই করে। ঘটনার পর বাড়ির ভেতরের যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গেছে পুরো ঘরের দামি জিনিসপত্র, জামাকাপড় চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে, যা থেকে চুরির ভয়াবহতা স্পষ্ট বোঝা যায়। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ এই মেগা চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।
নেটিজেনদের জন্য বড় সতর্কবার্তা! কী বলছে পুলিশ?
এই হাই-প্রোফাইল চুরির বিষয়ে শিবপুরীর অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব মূল জানিয়েছেন যে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে পুলিশ এই বিষয়টিতে বিশেষ জোর দিচ্ছে যে, চোরেরা আগে থেকেই রচনার সোশ্যাল মিডিয়ার গতিবিধির ওপর নজর রাখছিল কি না।
আজকের ডিজিটাল যুগে ইন্টারনেটে নিজের দামি জিনিসপত্র এবং ব্যক্তিগত জীবনের প্রদর্শন যে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে, শিবপুরীর এই ঘটনা আরও একবার তা হাতেনাতে প্রমাণ করে দিল। ভার্চুয়াল দুনিয়ার ফলোয়ারদের ভিড়ে যে কত বড় বড় অপরাধী ওত পেতে লুকিয়ে থাকতে পারে, এই ঘটনা সমাজমাধ্যমের অসচেতন ব্যবহারকারীদের জন্য এক বড়সড় সতর্কবার্তা।