পুরনো সরকারের ‘শাস্তি’ থেকে মুক্তি! কলকাতা পুলিশে ফিরছেন ৬৬ পুলিশকর্মী, শুরু ‘ঘর ওয়াপসি’

রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক স্তরে রদবদলের গতি অব্যাহত। এবার আগের সরকারের ‘শাস্তি’র মুখে পড়া পুলিশ কর্মীদের জন্য সুখবর। একসময় শাস্তিস্বরূপ রাজ্য পুলিশে বদলি হওয়া কলকাতা পুলিশের ৬৬ জন পুলিশকর্মীকে আবারও শহরে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

কী এই ‘ঘর ওয়াপসি’র প্রেক্ষাপট?
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময়কার ঘটনা। সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিরপেক্ষ দায়িত্ব পালন করেছিলেন ৮৪ জন পুলিশকর্মী। অভিযোগ, সেই কারণেই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের আমলে তাঁদের কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশের বিভিন্ন জেলায় বদলি করা হয়। নিয়ম ভেঙে তাঁদের অনির্দিষ্টকালের জন্য বদলি করা হয়েছিল বলে দীর্ঘদিনের অভিযোগ ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই শাস্তিপ্রাপ্ত এই পুলিশ কর্মীদের ফেরানোর বিষয়ে উদ্যোগী হয় পুলিশ প্রশাসন।

প্রক্রিয়া শুরু:
সূত্রের খবর, ডিআইজি (পার্সোনেল) দপ্তরের পক্ষ থেকে এই ৬৬ জন পুলিশকর্মীকে ফেরানোর ব্যাপারে সম্মতি চাওয়া হয়েছে। তাঁরা যাতে দ্রুত কলকাতা পুলিশে যোগ দিতে পারেন, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলাতেও বড় রদবদল
পুলিশের এই ঘর ওয়াপসির পাশাপাশি জেলা স্তরেও শুরু হয়েছে ব্যাপক রদবদল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনে বড়সড় পরিবর্তন এসেছে। গত কয়েক দিনে দুটি পৃথক বিজ্ঞপ্তিতে মোট ৪৫ জন সাব-ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘জনস্বার্থেই’ এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে। এই রদবদলের ফলে জেলার একাধিক থানার শীর্ষ স্তরে বড় পরিবর্তন এসেছে।

প্রশাসনিক এই ধারাবাহিক পরিবর্তনের ফলে পুলিশি ব্যবস্থায় নতুন কী প্রভাব পড়ে, তা এখন দেখার বিষয়।