সাতসকালেই শওকত মোল্লার বাড়িতে এনআইএ! আটক বিধায়ক-পুত্র, ভাঙড় কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল

ভোটের আগে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় তদন্তের গতি বাড়াল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বৃহস্পতিবার ভোররাত থেকেই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লার মৌখালির বাড়িতে এনআইএ-র আধিকারিকরা হানা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।

বাড়িতে তল্লাশি, আটক পুত্র
সূত্রের খবর, এদিন ভোরে এনআইএ-র দলটি যখন শওকতের বাড়িতে পৌঁছায়, তখন তিনি বাড়িতে ছিলেন না। তদন্তকারীরা বাড়িতে তল্লাশি চালান এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করেন। ইমরানকে সঙ্গে নিয়েই মৌখালির বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এই ঘটনার তদন্তে নেমেই ভোটের ঠিক আগে আরেক তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই শওকতের ওপর এনআইএ-র নজর পড়ার বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল।

ঋতব্রতর সঙ্গে শওকতের ‘গোপন’ বৈঠক?
তৃণমূলের অন্দরের বর্তমান অস্থিরতার মধ্যেই শওকতের এই এনআইএ হানা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বুধবারই বিধানসভার স্পিকারের অনুমতিতে বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নতুন পদে বসেই তিনি তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। আর সেই দিন রাতেই বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে শওকত মোল্লার সাথে ১০ মিনিটের একটি গোপন বৈঠক হয়েছে বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসকদলের অন্দরে যখন ভাঙন শুরু হয়েছে, তখন এই দুই নেতার সাক্ষাৎ নতুন কোনো সমীকরণের ইঙ্গিত কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে।

রাজনৈতিক চাপানউতোর
একদিকে এনআইএ-র তল্লাশি, অন্যদিকে দলত্যাগ ও বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ—সব মিলিয়ে শওকত মোল্লার পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্ত কোন দিকে মোড় নেয় এবং এরপর আর কার কার নাম জড়িয়ে পড়ে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতির নজর।