অভিষেকের পর এবার খোকন দাস! জনতার রোষ থেকে বাঁচাতে প্রাক্তন বিধায়কের মাথায় হেলমেট

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার জনরোষ থেকে বাঁচাতে পুলিশের অভিনব কৌশল। তোলাবাজি ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগে ধৃত বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে মঙ্গলবার হেলমেট পরিয়ে আদালতে পেশ করা হলো। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

হেলমেট কেন?
মঙ্গলবার সকালে খোকন দাসকে যখন বর্ধমান আদালতে আনা হয়, তখন গাড়ির ভেতরেই তাঁকে হেলমেট পরিয়ে দেয় পুলিশ। চারদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ইটের আঘাত থেকে বাঁচতে হেলমেটের ব্যবহার দেখেছে রাজ্য। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোকন দাসের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেল। পুলিশের অনুমান, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে জনরোষ এতটাই প্রবল যে, আদালতের পথে তাঁর ওপর যেকোনো সময় আক্রমণ হতে পারে। সেই আশঙ্কা থেকেই এই সুরক্ষাবলয়।

গ্রেফতারির নেপথ্যে দীর্ঘ অভিযোগ
তদানীন্তন নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়ে পরাজিত হন খোকন দাস। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। অবশেষে উত্তর প্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, মারধর এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানাতে পারে পুলিশ।

গ্রেফতারিতে এলাকায় উৎসবের মেজাজ
খোকন দাসের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই বর্ধমানের কাঞ্চননগরে আনন্দের ছবি ধরা পড়েছে। রবিবার এলাকা জুড়ে বিজেপির পতাকার পাশাপাশি গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রাস্তায় ডিজে বাজিয়ে চলে ‘খোকন চোর’ গান। সেই গানে স্থানীয় মহিলাদের নাচতে দেখা যায়। একসময়ের ক্ষমতাশালী বিধায়কের বিরুদ্ধে এমন জনরোষের ছবি রাজনৈতিক বিশেষজ্ঞদের অবাক করেছে।

বর্তমানে খোকন দাসকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে এখন বর্ধমানের রাজনৈতিক মহল।