তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক? বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিজস্ব দল গড়ার পথে আন্নামালাই?

তামিলনাড়ুর রাজনৈতিক আঙিনায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শোনা যাচ্ছে, বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন আইপিএস অফিসার কে আন্নামালাই। সূত্রের খবর, নিজের পৃথক রাজনৈতিক দল গড়ার লক্ষ্যেই আজ মঙ্গলবার তিনি দিল্লি গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত?
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দলের আশানুরূপ ফল না হওয়া এবং দলের অন্দরে তাকে উপেক্ষা করার অভিযোগ ঘিরে আন্নামালাইয়ের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে। সূত্রের খবর, ২০২৬ সালের নির্বাচনে কোয়েম্বাটুর পূর্ব আসনে লড়তে চেয়েও টিকিট পাননি তিনি, বরং সেই আসনে বনথি শ্রীনিবাসনকে প্রার্থী করা হয়। এছাড়া এআইএডিএমকে (AIADMK)-এর সঙ্গে বোঝাপড়া এবং দলের অন্দরে সাংগঠনিক সমন্বয়ের অভাব নিয়েও নেতৃত্বের ওপর তিনি ক্ষুব্ধ।
প্রস্তাব খারিজ করে দিলেন আন্নামালাই:
সূত্রের খবর, আন্নামালাইকে দলে ধরে রাখতে বিজেপির শীর্ষ নেতৃত্ব মরিয়া চেষ্টা চালিয়েছে। তাঁকে রাজ্যসভার আসন দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়ে আন্নামালাই জানিয়েছেন, বিজেপিতে তাঁর আর কোনো ভবিষ্যৎ নেই। শোনা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া কোনো পদ বা দায়িত্বই আর নিতে রাজি নন তিনি।
পরবর্তী পদক্ষেপ কী?
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ও বিএল সন্তোষের সঙ্গে বৈঠকের পর আজ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। নতুন দল গড়ার জল্পনা নিয়ে বিমানবন্দরে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সরাসরি কিছু না বললেও, রহস্য রেখে বলেছেন, “আগামী দু’দিনের মধ্যেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।”
রাজনৈতিক মহলের ধারণা, আন্নামালাই তাঁর বর্তমান উদ্যোগ ‘উই দ্য লিডারস’ (We The Leaders)-কে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপান্তরিত করতে পারেন। বিজয় থালাপতির দলের সঙ্গে তাঁর যোগদানের যে জল্পনা ছড়িয়েছিল, তাও তিনি খারিজ করে দিয়েছেন।
আইপিএস থেকে রাজনীতির ময়দানে আসা এই নেতা এখন তাঁর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় কোন পথে শুরু করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক মহল।