আন্দোলন নয়, আলোচনার পথে সমাধান! সরকারি কর্মীদের ডিএ নিয়ে আশার আলো নবান্নে

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েনের মাঝে নতুন আশার আলো। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চসহ চারটি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এই বৈঠকের পরই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণার ইঙ্গিত মিলেছে।

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মেটানো শুরু:
ইতিমধ্যেই রাজ্য সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সূত্র মারফত জানা গেছে, গত শুক্রবার থেকেই এই বকেয়া অর্থ প্রদানের কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে সকল সরকারি কর্মী অবসর গ্রহণ করেছেন, তাঁদের প্রাপ্য বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে।

কর্মরত কর্মীদের অপেক্ষায় বাজেটের দিন:
সোমবারের বৈঠকে ডিএ, নতুন পে কমিশন, শূন্যপদে নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের বেতনবৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বর্তমানে যারা কর্মরত, তাঁদের বকেয়া ডিএ কবে দেওয়া হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও স্পষ্ট ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে সমস্ত নজর এখন ২২ জুন অনুষ্ঠিত হতে চলা রাজ্য বাজেটের দিকে। সরকারি কর্মচারীরা আশাবাদী, বাজেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহার্ঘ ভাতা নিয়ে কোনো বড় সুখবর ঘোষণা করবেন।

১২ জন প্রতিনিধি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক:
দীর্ঘদিন ধরে চলে আসা আন্দোলনের পর অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পেয়েছেন সরকারি কর্মচারীরা। প্রতিটি আন্দোলনকারী মঞ্চ থেকে তিনজন করে মোট ১২ জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। পূর্বতন সরকারের আমলে যে সুযোগ পাননি, তা বর্তমান সরকার গঠনের পরেই সম্ভব হওয়ায় সরকারি কর্মচারী মহলে ইতিবাচক সাড়া পড়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের পর আন্দোলনকারী সংগঠনগুলো কিছুটা আশ্বস্ত। এখন দেখার, ২২ জুন বাজেট অধিবেশনে রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য কী ধরণের আর্থিক উপহারের ডালি সাজিয়ে রাখে।