প্রথমদিন FREE-তে বাস সফর করলেন কত মহিলা? জেনেনিন কি বলছে SBSTC-র তথ্য

রাজ্যের বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, ১ জুন থেকে পশ্চিমবঙ্গে শুরু হলো সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ পরিষেবা। প্রথম দিনেই এই নজিরবিহীন সুযোগকে লুফে নিয়েছেন রাজ্যের মহিলারা। অফিস যাত্রী থেকে শুরু করে কলেজ পড়ুয়া—সোমবার সকাল থেকেই সরকারি বাসগুলিতে ছিল মহিলা যাত্রীদের উপচে পড়া ভিড়।

প্রথম দিনের চিত্র সোমবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির বাস স্ট্যান্ডগুলিতে মহিলারা ভিড় জমান। কন্ডাক্টরদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন রুটে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ যাত্রীই ছিলেন মহিলা। বিশেষ করে গরমের দুপুরে সরকারি এসি বাসগুলিতে মহিলা যাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৯ হাজার মহিলা যাত্রী সফর করেছেন। বারাসত-করণাময়ী রুটের বিভিন্ন এসি বাসেও এদিন মহিলাদের লম্বা লাইন দেখা গেছে।

আর্থিক স্বস্তির নিঃশ্বাস নিত্যযাত্রী মহিলা ও ছাত্রীদের জন্য এই পরিষেবা এক বিশাল স্বস্তি নিয়ে এসেছে। যাতায়াতের মাসিক খরচ কমে কার্যত শূন্যে নেমে আসায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলিতে খুশির হাওয়া। সাধারণ মানুষের মতে, এই সরকারি পদক্ষেপটি গৃহস্থের বাজেট নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

মাঠে নেমে তদারকি বিজেপি নেতৃত্বের পরিষেবা চালুর প্রথম দিনেই পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন শাসকদলের প্রতিনিধিরা। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই একটি এসি বাসে সওয়ার হয়ে গড়িয়াহাট থেকে রুবি পর্যন্ত যান। অন্যদিকে, রানি রাসমনি রোড সংলগ্ন বাস স্ট্যান্ডে গিয়ে যাত্রীদের হাতে সরাসরি ‘জিরো-ভ্যালু’ বা শূন্য মূল্যের টিকিট তুলে দেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।

উল্লেখ্য, এই পরিষেবা পাওয়ার জন্য মহিলা যাত্রীদের বাসে নির্দিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করা বাধ্যতামূলক। প্রথম দিনের সাফল্য দেখে পরিবহণ দপ্তর আশাবাদী যে, এই জনমুখী উদ্যোগ আগামী দিনে রাজ্যের পরিবহণ ব্যবস্থার মানচিত্র বদলে দেবে।