ইস্টবেঙ্গলে বড় ধাক্কা! বিদায় নিলেন অস্কার ব্রুজো, নেপথ্যে কি তবে বড় কারণ?

ইস্টবেঙ্গল সমর্থকদের দীর্ঘদিনের আশঙ্কা অবশেষে সত্যি হল। আইএসএল চ্যাম্পিয়ন করানোর পরেই লাল-হলুদ কোচের পদ থেকে সরে দাঁড়ালেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন খোলা চিঠির মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। যদিও শেষ ম্যাচের আগেই কোচ ও তাঁর সাপোর্ট স্টাফরা বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন, তবু এই খবরে ময়দান উত্তাল।
কী বললেন অস্কার? সমর্থকদের উদ্দেশে অস্কার লিখেছেন, “আপনারাই ইস্টবেঙ্গলের হৃদস্পন্দন। এই মরসুমটি আমার স্মৃতিতে আজীবন অম্লান থাকবে। আইএসএল জয় ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। দুর্ভাগ্যবশত, আইএফএ শিল্ড এবং সুপার কাপ ফাইনালে টাইব্রেকারে হার আমাদের কষ্ট দিয়েছে, কিন্তু কঠিন সময়ে দলের মানসিক শক্তি এবং চরিত্র আমাকে গর্বিত করেছে।”
তিনি আরও জানান, ৩১ মে অনেক খেলোয়াড় ও স্টাফের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফুটবলের সাফল্যের জন্য স্থিতিশীলতা এবং সময়োপযোগী সিদ্ধান্তের প্রয়োজন। সেই লক্ষ্যেই এক মাস আগেই তিনি এবং তাঁর সহকারীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, ইস্টবেঙ্গলে আর কাজ চালিয়ে যাবেন না। ক্লাব কর্মকর্তা, খেলোয়াড় এবং সমর্থকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “ইস্টবেঙ্গল চিরকাল আমার হৃদয়ে থাকবে।”
কেন আচমকা বিদায়? অস্কারের এই প্রস্থানের নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, আইএসএল জয়ের পর কোচ চুক্তি নবীকরণের জন্য মোটা অঙ্কের দাবি জানিয়েছিলেন। ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতিতে ক্লাবের পক্ষে সেই বাড়তি আর্থিক বোঝা বহন করা সম্ভব ছিল না। শুধু কোচ নয়, সাপোর্ট স্টাফ ও একাধিক ফুটবলারের চুক্তির মেয়াদ বাড়ানোর চাপও ছিল কর্তৃপক্ষের ওপর। আর্থিক টানাপোড়েন ও পরিকল্পনার অসামঞ্জস্যের কারণেই যে অস্কারের বিদায়, তা কার্যত স্পষ্ট।
সদ্য চ্যাম্পিয়ন হওয়া একটি দলের কোচিং স্টাফের এভাবে সরে দাঁড়ানোয় নতুন মরসুমের আগে বড় চ্যালেঞ্জের মুখে লাল-হলুদ ব্রিগেড। এখন দেখার, এই শূন্যস্থান পূরণ করে নতুন কোচ হিসেবে কে দায়িত্ব নেন।