আজ রাতে আকাশের দিকে তাকালেই দেখবেন বিস্ময়! কেন বিরল ‘ব্লু মাইক্রোমুন’ মিস করা উচিত নয়?

মহাকাশপ্রেমীদের জন্য আজ এক অবিশ্বাস্য রাত। রাতের আকাশে আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। একই সঙ্গে ‘ব্লু মুন’ (Blue Moon) এবং ‘মাইক্রোমুন’ (Micromoon)-এর এই বিরল সমাপতন বা যুগলবন্দি সচরাচর দেখা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, এমন দৃশ্য আবার দেখতে পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে ২০৫৩ সাল পর্যন্ত।
কেন এই পূর্ণিমা বিশেষ? সাধারণত একটি ক্যালেন্ডার মাসে দুবার পূর্ণিমা পড়লে দ্বিতীয়টিকে বলা হয় ‘ব্লু মুন’। তবে এর সঙ্গে চাঁদের রঙের কোনো সম্পর্ক নেই। অন্যদিনে চাঁদ যেমন দেখায়, আজ তাকে তেমনই রুপোলি-সাদা রঙেই দেখা যাবে। অন্যদিকে, চাঁদ যখন তার কক্ষপথে পৃথিবীর থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, তখন তাকে বলা হয় ‘মাইক্রোমুন’। পৃথিবী থেকে আজ চাঁদের দূরত্ব প্রায় ৪ লক্ষ ৬ হাজার কিলোমিটার। এই দূরত্বের কারণে চাঁদকে স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ ছোট এবং ৩০ শতাংশ কম উজ্জ্বল মনে হতে পারে।
কখন এবং কীভাবে দেখবেন? পূর্ণিমার চূড়ান্ত পর্যায় ৩১ মে দুপুর ২টো ১৫ মিনিটে হলেও, ভারত থেকে চাঁদ দেখার সেরা সময় আজ ৩০ মে সন্ধ্যা থেকে ৩১ মে ভোর পর্যন্ত।
-
কোথায় দেখবেন: সূর্যাস্তের ঠিক পরপরই পূর্ব-দক্ষিণপূর্ব দিগন্তের দিকে তাকালে আপনি এই বিরল চাঁদের দেখা পাবেন।
-
বিশেষ আকর্ষণ: গোধূলি লগ্নে দিগন্তের কাছাকাছি চাঁদকে কিছুটা লালচে বা কমলা রঙের আভা দিতে পারে, যা দেখার অভিজ্ঞতা হবে দারুণ। এছাড়া চাঁদের ঠিক পাশেই জ্বলজ্বল করবে লালচে নক্ষত্র ‘অ্যান্টারেস’ (Antares)। ভাগ্য ভালো থাকলে পশ্চিম আকাশে শুক্র ও বৃহস্পতি গ্রহও আপনার চোখে পড়বে।
কেন দেখবেন? এই মহাজাগতিক দৃশ্যের জন্য কোনো টেলিস্কোপ বা বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই উপভোগ করা যাবে প্রকৃতির এই বিরল শিল্পকর্ম। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, এমন বিরল সংযোগ আগামী কয়েক দশকের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাই আজকের এই সুযোগ হাতছাড়া না করাই ভালো।