ফ্রি-র দিন কি শেষ? হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের জন্য নতুন ‘পেইড’ সাবস্ক্রিপশন প্ল্যান আনল মেটা

বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর ভরসার জায়গা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। কিন্তু এবার এই জনপ্রিয় অ্যাপগুলো ব্যবহারের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মেটা। রাজস্ব বৃদ্ধির লক্ষ্য নিয়ে সংস্থাটি তাদের প্ল্যাটফর্মগুলোর জন্য একটি নতুন ‘পেইড সাবস্ক্রিপশন’ বা ‘প্লাস’ ভার্সন চালু করার পথে হাঁটছে।
কেন এই পরিবর্তন? এতদিন মেটা মূলত বিজ্ঞাপনের ওপর নির্ভর করে তাদের আয় করত। কিন্তু এখন আয়ের উৎসে বৈচিত্র্য আনতে কোম্পানিটি ‘প্রিমিয়াম এক্সপেরিয়েন্স’-এর দিকে ঝুঁকছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফ্রি ভার্সন বজায় থাকলেও, যারা বাড়তি সুবিধা বা কাস্টমাইজেশন ফিচার চান, তাদের জন্য নিয়ে আসা হচ্ছে ‘মেটা প্লাস’ সাবস্ক্রিপশন।
সাবস্ক্রিপশনে কী কী বিশেষ সুবিধা মিলবে? রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ প্লাস গ্রাহকরা বেশ কিছু আকর্ষণীয় ও ইউনিক ফিচার ব্যবহারের সুযোগ পাবেন:
-
কাস্টম থিম ও রিংটোন: নিজের পছন্দমতো থিম এবং রিংটোন সেট করার সুবিধা।
-
প্রিমিয়াম স্টিকার: সাধারণের তুলনায় অনেক বেশি এবং প্রিমিয়াম কালেকশনের স্টিকার।
-
চ্যাট পিন করার ক্ষমতা: সাধারণ ভার্সনের তুলনায় অনেক বেশি চ্যাট পিন করে রাখার সুবিধা।
মূল্য বা সাবস্ক্রিপশন চার্জ: মেটা বর্তমানে এই পরিষেবাটি আন্তর্জাতিক বাজারে পরীক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রাম প্লাসের মাসিক মূল্য রাখা হয়েছে ৩.৯৯ ডলার (প্রায় ৩৮৭ টাকা) এবং হোয়াটসঅ্যাপ প্লাসের মূল্য ২.৯৯ ডলার (প্রায় ২৯০ টাকা)। তবে ভারতের বাজারের জন্য মেটা এখনও কোনো আনুষ্ঠানিক মূল্য ঘোষণা করেনি।
ভারতীয় ব্যবহারকারীদের জন্য বার্তা: বর্তমানে হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে এবং সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে এটি বজায় থাকবে কি না, তা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি। মনে করা হচ্ছে, প্রিমিয়াম ফিচারগুলি সম্পূর্ণ ঐচ্ছিক হবে। অর্থাৎ, সাধারণ ব্যবহারকারীরা যেমন বিনামূল্যে পরিষেবা পাচ্ছিলেন, তা অব্যাহত থাকবে। শুধুমাত্র যারা বাড়তি সুযোগ-সুবিধা চাইবেন, তারাই এই পেইড সাবস্ক্রিপশনের আওতায় আসবেন।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মেটার এই সিদ্ধান্ত ডিজিটাল পরিষেবার দুনিয়ায় এক নতুন ধারার সূচনা করবে। এখন দেখার বিষয়, ভারতের বিশাল সংখ্যক ব্যবহারকারী এই পেইড ফিচার গ্রহণে কতটা আগ্রহী হন।