অন্নপূর্ণা ভাণ্ডার: ফর্ম পূরণে কী কী নথি লাগবে? নবান্ন থেকে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী!

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পর এবার রাজ্যে শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। বুধবার নবান্ন থেকে এই নতুন প্রকল্পের আবেদন প্রক্রিয়া ও ফর্ম পূরণ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে থাকা ধোঁয়াশা দূর করতে এদিন সাংবাদিক বৈঠকে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

কারা পাবেন না সুবিধা? এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে অথচ যারা ট্রাইবুনালে আবেদন করেননি, এমন প্রায় ৩০ লক্ষ মানুষ এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন। তিনি জানান, ভবিষ্যতে এই তালিকাভুক্তরা নতুন প্রকল্পের আওতায় আর সুবিধা পাবেন না।

ফর্ম পূরণ ও প্রক্রিয়া: রাজ্য সরকারের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও তাঁর দফতর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি, মুখ্যসচিব ও অর্থসচিবের নেতৃত্বে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত থাকা কর্মীরা এবং [Aadhaar Redacted] সংক্রান্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ফর্ম পূরণের প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।

পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ: অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্রে আবেদনকারীদের নিজস্ব তথ্যের পাশাপাশি পরিবারের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, এই তথ্যের একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করা, যা ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা প্রদানে সহায়ক হবে।

লক্ষ্মীর ভাণ্ডার ও সময়সীমা: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু থাকবে। আগামী ২ জুনের মধ্যে যারা নাম নথিভুক্ত করতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করবেন। তবে ওই তালিকাভুক্তদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাটি বন্ধ হয়ে যাবে।