চকচকে আপেল কিনছেন? সাবধান! অজান্তেই পেটে যাচ্ছে বিষ, জেনে নিন চেনার উপায়

আপেল আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি ফল। কিন্তু বাজার থেকে চকচকে আপেল কিনে আনার পর আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, এই উজ্জ্বল ভাব কি প্রাকৃতিক, নাকি ক্ষতিকারক কোনো রাসায়নিকের প্রলেপ? দীর্ঘক্ষণ সতেজ রাখতে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ফলের ওপর কৃত্রিম মোম বা কেমিক্যালের আস্তরণ লাগিয়ে থাকেন। আজ রইল সহজ কিছু টিপস, যা দিয়ে আপনি ঘরেই পরীক্ষা করে নিতে পারবেন আপনার কেনা আপেলটি নিরাপদ কি না।
আপেলের গায়ের মোম চেনার ৫টি সহজ কৌশল:
ছুরি দিয়ে আঁচড় কাটা: একটি ছুরি বা ব্লেড নিয়ে আপেলের খোসার ওপর আলতো করে টান দিন। যদি সাদা গুঁড়োর মতো কিছু বেরিয়ে আসে, তবে নিশ্চিত থাকুন এতে কৃত্রিম মোমের আস্তরণ রয়েছে।
হাতের তালুতে ঘষা: আপেলটি হাতের তালুতে নিয়ে ভালো করে ঘষুন। ঘষার পর যদি হাতে সাদাটে আঠালো কিছু লেগে থাকে, তবে বুঝবেন এটি মোম বা কেমিক্যালযুক্ত। প্রাকৃতিকভাবে আপেলের গায়ে এমন আস্তরণ থাকে না।
গরম জলের পরীক্ষা: একটি পাত্রে ঈষদুষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে আপেলগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। যদি মোমের প্রলেপ থাকে, তবে তা গলে জলের ওপর হালকা আস্তরণ বা ফেনা হয়ে ভাসতে শুরু করবে।
বেকিং সোডা ও লেবুর মিশ্রণ: বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি আপেলের গায়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। যদি আপেলের গায়ের অস্বাভাবিক চকচকে ভাব চলে যায়, তবে বুঝবেন সেটি কৃত্রিম ছিল।
গন্ধ শুঁকে দেখা: আপেল কেনার সময় গন্ধ নিন। প্রাকৃতিকভাবে পাকা মিষ্টি আপেলের একটি সতেজ সুবাস থাকে। কিন্তু মোমের প্রলেপ দেওয়া আপেল থেকে কোনো গন্ধ বেরোয় না, বরং অনেক সময় ওষুধের মতো গন্ধ পাওয়া যায়।
খাওয়ার আগে যেভাবে করবেন সতর্কতা:
১. ভিনিগার ব্যবহার: খাওয়ার আগে এক লিটার জলে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। তাতে আপেলগুলো পাঁচ মিনিট ডুবিয়ে রেখে এরপর সাধারণ পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এটি খোসার গায়ে লেগে থাকা ক্ষতিকারক উপাদান অনেকটাই দূর করে।
২. খোসা ছাড়িয়ে খাওয়া: অনেক পুষ্টিগুণ খোসাতে থাকলেও, কেমিক্যাল বা মোম নিয়ে সন্দেহ থাকলে খোসা ছাড়িয়ে খাওয়াই সবচেয়ে নিরাপদ।
৩. সঠিক পরিচ্ছন্নতা: বাজার থেকে কেনা ফল খাওয়ার আগে পরিষ্কার করার বিষয়ে কখনও আপস করবেন না। একটু সচেতনতাই পারে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে।