উর্বশীর গ্ল্যামারকে ফিকে করল তাঁর হ্যান্ডব্যাগ, জেনেনিন তাঁর ব্যাগের দাম কত?

প্রতিবারের মতোই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে গ্ল্যামার ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে এবারের উৎসবে কেবল তাঁর পোশাক নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তাঁর হাতের একটি অদ্ভুত ব্যাগ। কান-এর শেষ দিনে এসপ্রেসো মার্টিনি গ্লাসের আকৃতির একটি জমকালো ব্যাগ নিয়ে হাজির হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই নায়িকা।
ব্যাগ নিয়ে কেন এত চর্চা? এএমএফআর (amfAR) গালা অনুষ্ঠানে উর্বশীর পরনে ছিল জোলি পলি ক্যুচারের একটি বহুমূল্য গাউন। কিন্তু তাঁর হাতের কফি-কাপের আদলে তৈরি ব্যাগটিই ছিল আসল আকর্ষণ। বিখ্যাত ব্র্যান্ড ‘জুডিথ লাইবার’-এর ডিজাইন করা এই ব্যাগটি গাঢ় মোকা-রঙা ক্রিস্টাল দিয়ে তৈরি। আলোর নিচে এটি এমনভাবে ঝিকমিক করছিল যে দূর থেকে দেখে সেটিকে সত্যিকারের কফি ভরা গ্লাস বলেই মনে হচ্ছিল। ব্যাগটির দাম প্রায় ৫.৫ লক্ষ টাকা।
উর্বশীর ফ্যাশন স্টেটমেন্ট: উর্বশী তাঁর এই ব্যাগটি এমন ভঙ্গিতে ধরে রেখেছিলেন, যা দেখে নেটিজেনদের একাংশ প্রশংসা করলেও, অনেকেই আবার অবাক হয়েছেন। শুধু এই কফি-কাপ ব্যাগ নয়, কানে থাকাকালীন রানীর মুকুটের আদলে তৈরি আরও একটি ব্যাগ নিয়ে তিনি ছবি দিয়েছিলেন, যা বেশ ভাইরাল হয়েছিল। তাঁর পোশাকের কথা বলতে গেলে, অভিনেত্রী জোলি পলি ক্যুচারের ২০২৫-২৬ ব্রাইডাল কালেকশনের ‘প্যান্থিয়ন অরোরা’ গাউন পরেছিলেন, যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।
ফ্যাশনে বিপুল খরচ: উর্বশীর কান-এর সাজগোজ নিয়ে বিতর্ক নতুন নয়। গত বছরও তাঁর ফ্যাশন বাবদ প্রায় ১৩০০ কোটি টাকা খরচের খবর সংবাদ শিরোনামে এসেছিল। এবছরও টানা ১০ দিন কানের আসরে প্রতিটি সাজের জন্য তিনি বেছে নিয়েছিলেন দামী পোশাক ও অদ্ভুত সব অ্যাক্সেসরিজ।
কখনও প্রশংসিত, আবার কখনও বা সমালোচিত—উর্বশী রাউতেলা প্রতিবারই কান উৎসবে নিজেকে একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। তবে ব্যাগ হোক বা পোশাক, উর্বশীর প্রতিটি লুক যে রেড কার্পেটে আলাদা ছাপ রেখে যায়, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।