গরমে নাজেহাল দশা কাটবে? দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর সতকর্তা, জেনে নিন কোন দিন কতটা বৃষ্টি?

অসহ্য ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে গত কয়েকদিন ধরে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। তবে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও, দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে ঝড়বৃষ্টির দাপট। বুধ থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের মতে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় থাকা একটি ঘূর্ণাবর্ত এবং ওড়িশা থেকে বিস্তৃত উত্তর-দক্ষিণ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

তাপমাত্রার পরিবর্তন:
আগামী তিন-চার দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে দীর্ঘদিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিবেশ থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। আজ মঙ্গলবার তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ও সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা।

কোথায় কতটা প্রভাব?

উত্তরবঙ্গ: আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি ও ঝড়ের পরিমাণ ক্রমশ কমতে থাকবে।

দক্ষিণবঙ্গ: বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ বিকেল থেকে রাতের মধ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসল স্বস্তি ফিরবে বুধবার থেকে। বৃহস্পতিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়ায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। শুক্রবার ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সতর্কবার্তা: পশ্চিমের জেলাগুলোতে (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর) আর্দ্রতা ও গরমের অস্বস্তি কিছুটা বজায় থাকলেও, সপ্তাহের মাঝের দিনগুলো থেকে ঝড়বৃষ্টির হাত ধরে স্বস্তির আবহ ফিরবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর।

Saheli Saha
  • Saheli Saha