রাশিয়ার সীমান্তে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানে ‘হামলা’! রহস্যজনকভাবে বিকল জিপিএস, উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি

রাশিয়ার সীমান্তের কাছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলিকে বহনকারী রাজকীয় বিমান বাহিনীর (RAF) একটি বিমানের জিপিএস (GPS) সিস্টেম বিকল হয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। তিন ঘণ্টা স্থায়ী এই রহস্যজনক বিভ্রাটের নেপথ্যে রাশিয়ার ‘ইলেকট্রনিক ওয়ারফেয়ার’ বা শক্তিশালী কোনো জ্যামিং প্রযুক্তির হাত থাকতে পারে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার বিবরণ
প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এস্তোনিয়ায় ব্রিটিশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে এই বিপত্তির মুখে পড়েন। তিনি রয়্যাল এয়ার ফোর্সের ‘ডাসল্ট ফ্যালকন ৯০০এলএক্স’ বিমানে ছিলেন। বিমানটি রুশ সীমান্তের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই জিপিএস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু বিমান নয়, বিমানে থাকা যাত্রীদের মোবাইল ফোন ও ল্যাপটপেও ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল।
পাইলটদের তৎপরতা ও নিরাপত্তা
জিপিএস বিকল হওয়ার ফলে বিমানের স্বাভাবিক নেভিগেশন ব্যবস্থা অকেজো হয়ে পড়লে পাইলটরা বিকল্প নেভিগেশন সিস্টেম ব্যবহার করে যাত্রা সম্পন্ন করেন। যদিও যাত্রীদের আশ্বস্ত করা হয়েছিল যে, বিমানটি সম্পূর্ণ নিরাপদ এবং যাত্রাপথে কোনো ঝুঁকি নেই, তবে দীর্ঘ তিন ঘণ্টা জিপিএসহীন অবস্থায় বিমান চলাচল করায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পেশাদার বা পরিকল্পিত টার্গেট?
জন হিলির বিমানে সাংবাদিক ও আলোকচিত্রীরাও উপস্থিত ছিলেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে বিমানটির অবস্থান দৃশ্যমান থাকায় এটি কোনো পরিকল্পিত আক্রমণের লক্ষ্যবস্তু ছিল কি না, তা নিয়ে ব্রিটিশ গোয়েন্দা মহলে প্রশ্ন উঠছে। রাশিয়ার পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য না এলেও, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একে স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি হিসেবে দেখতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
আকাশপথে ক্রমবর্ধমান উত্তেজনা
এর আগের দিনই যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কৃষ্ণ সাগরের আকাশে রাশিয়ার সাথে ঘটা একটি বিপজ্জনক ঘটনার কথা প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, একটি রুশ এসইউ-৩৫ (Su-35) যুদ্ধবিমান ব্রিটিশ গুপ্তচর বিমানের এত কাছে চলে এসেছিল যে, ব্রিটিশ বিমানটির জরুরি ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে এবং অটোপাইলট নিষ্ক্রিয় হয়ে যায়। এছাড়া, একটি ব্রিটিশ রিভেট জয়েন্ট বিমানের মাত্র ৬ মিটারের দূর দিয়ে রুশ এসইউ-২৭ বিমান ছয়বার অতিক্রম করে। ব্রিটেন একে ২০২২ সালের পর থেকে রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেছে।