উত্তর কলকাতায় প্রোমোটাররাজের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মমতা শঙ্কর! পাশে ঋতুপর্ণা ও রিয়া সেন, তোলপাড় শ্যামবাজার!

বাস্তব জীবনেও তিনি অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টবক্তা। নানা সামাজিক ইস্যু নিয়ে নিজের মতামত সমাজমাধ্যমে তুলে ধরে যেমন প্রশংসা কুড়োন, তেমনই ট্রোলের শিকারও হন সকলের প্রিয় ‘মম দি’। এবার আরও একবার প্রোমোটাররাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে মুখর হলেন বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। আর তাঁর এই লড়াইয়ে পাশে এসে দাঁড়িয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রিয়া সেন, সায়ন মুন্সী ও ঈশান মজুমদারের মতো তারকারা। তবে, এই সবটাই ঘটছে বাস্তবের মাটিতে নয়, বরং রূপোলী পর্দায়!
পরিচালক অনুপ দাসের পরিচালনায় এবং ‘ভাবনা আজ ও কাল’-এর ব্যানারে তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি ‘রেখা’। আর এই ছবিরই নামভূমিকায় অভিনয় করছেন মমতা শঙ্কর।
উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শ্যামবাজারের ফড়িয়াপুকুর এলাকায় বর্তমানে জোরকদমে চলছে এই ছবির শুটিং। ছবির গল্পটি আবর্তিত হয়েছে উত্তর কলকাতার এক বর্ষীয়ান বাসিন্দা রেখা ভট্টাচার্যকে (মমতা শঙ্কর) কেন্দ্র করে। আচমকা তাঁর পুরনো ভিটেয় হানা দেয় একদল দাপুটে প্রোমোটার। নিজের সাধের বাড়ি বাঁচাতে বেজায় চটে যান রেখা। তিনি দমে না গিয়ে নিজের প্রতিবাদের কথা একটি ভিডিওর মাধ্যমে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন।
নিমেষেই সেই ভিডিও ভাইরাল হতেই রেখার পাশে এসে দাঁড়ায় গোটা এলাকাবাসী। মায়ের এই বিপদের খবর পেয়ে বিদেশ থেকে তড়িঘড়ি কলকাতায় ছুটে আসে তাঁর মেয়ে ও জামাই। শেষ পর্যন্ত রেখা ভট্টাচার্য কি পারবেন নিজের শিকড় ও বাড়ি আগলে রাখতে? সেই উত্তর মিলবে ছবিমুক্তির পর।
প্রতিদিনের মতোই সেট-এ পুজো সেরে শুরু হয়েছিল শুটিং। জ্যৈষ্ঠের চড়া রোদে যখন সবার নাজেহাল অবস্থা, তখন এতটুকু ক্লান্তি নেই বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করের চোখেমুখে। আটপৌরে ভঙ্গিতে পরা সাদা তাঁতের শাড়ি, ঠোঁটে ন্যুড লিপস্টিক আর ঘাড়ের কাছে চেনা হাতখোঁপা— ফ্লোরে মৃণাল সেনের নায়িকাকে পাওয়া গেল সেই চেনা ট্র্যাডিশনাল লুকে।
নিজের চরিত্রটি নিয়ে বলতে গিয়ে মমতা শঙ্কর হাসিমুখে জানান:
“রেখা ভট্টাচার্য আসলে অবিকল মমতা শঙ্করের মতোই। আমি যেমন মানুষকে ভালোবেসে বাঁচতে পছন্দ করি, আবার অন্যায় দেখলে রেগে গিয়ে প্রতিবাদও করি— রেখাও ঠিক তাই। লড়াকু একটা চরিত্র। আর এই বয়সে এসে এমন একটা দুর্দান্ত রোল পাওয়া আমার কাছে মস্ত বড় প্রাপ্তি।”
তিনি আরও যোগ করেন, “ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনায় এই ছবিটা তৈরি হচ্ছে। ঋতুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। ও খুব ভালো মনের মানুষ।”
এই ছবির নেপথ্যে রয়েছে এক আবেগঘন এবং যন্ত্রণাদায়ক কাহিনি। জানা গিয়েছে, ‘রেখা’ চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি। তিনি এককথায় রাজিও হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত, ক্যানসার চতুর্থবারের মতো থাবা বসানোয় তিনি এই মুহূর্তে অত্যন্ত অসুস্থ। ফলে তাঁর জায়গাতেই ছবিতে আসেন মমতা শঙ্কর।
অন্যদিকে, পরিচালক অনুপ দাসের নিজের পরিবারও এই প্রোমোটাররাজের শিকার। তাঁর নিজের শাশুড়ির সঙ্গে বাস্তবে ঠিক এই অন্যায়টিই ঘটেছিল। তাই সেই বাস্তব জীবনের যন্ত্রণাকেই এবার পর্দায় ফুটিয়ে তুলে প্রতিবাদের রূপ দিচ্ছেন পরিচালক।
ছবিতে মমতা শঙ্করের মেয়ের চরিত্রে অভিনয় করছেন রিয়া সেন, যিনি বিদেশে থাকেন। ছবিতে রিয়ার স্বামীর ভূমিকায় রয়েছেন ঈশান মজুমদার। গল্পে রিয়ার চরিত্রটি এক কন্যাসন্তানের পর ফের অন্তঃসত্ত্বা, আর সেই অবস্থাতেই মায়ের ওপর প্রোমোটারের অত্যাচারের খবর পেয়ে সে সোজা কলকাতায় উড়ে আসে। অন্যদিকে, ছবিতে ‘বুলি’র চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে, যিনি রেখা ভট্টাচার্যের ঘর-সংসার সামলান। আর বুলির প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন সায়ন মুন্সী। সব মিলিয়ে এক ঝাঁক তারকাকে নিয়ে ‘রেখা’ বক্স অফিসে বড় ধামাকা করতে চলেছে বলেই আশাবাদী গোটা টিম।