এক বছর ধরে চুটিয়ে প্রেম, নাকি পুরোটাই ভুয়ো? ভারতীয় ক্রিকেটার তিলকের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি শ্রীলীলার!

ক্রিকেট পিচের সঙ্গে রূপোলী পর্দার রোম্যান্সের সম্পর্ক দীর্ঘদিনের। মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করোলের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা কিংবা কেএল রাহুল-আথিয়া শেট্টি— এই তালিকা বেশ দীর্ঘ। এবার এই গ্ল্যামারাস তালিকায় কি জুড়তে চলেছে আরও দুটি নতুন নাম? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দক্ষিণী সিনেমার সেনসেশন শ্রীলীলা এবং ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি তিলক ভার্মার প্রেমের গুঞ্জন (Sreeleela Tilak Varma Rumors)। তবে এই হাই-ভোল্টেজ জল্পনা নিয়ে এবার অবশেষে নীরবতা ভাঙল নায়িকার টিম।
সূর্যকুমার যাদবের একটি মন্তব্য এবং ভাইরাল ভিডিও!
হঠাৎ কেন এই জুটিকে নিয়ে এত শোরগোল? আসলে সম্প্রতি নেটপাড়ায় মুম্বই ইন্ডিয়ান্সের একটি ইনসাইড ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিলক ভার্মা হোটেলের লবির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। আর ঠিক তখনই ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব তিলককে মজা করে খোঁচা মেরে ক্যামেরার সামনে বলে ওঠেন, “আমাদের তিলক তো এখন ঘোর প্রেমে পড়েছে!”
ব্যস, ‘স্কাই’-এর এই একটি মন্তব্যেই জল্পনার আগুন ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন, সূর্যকুমার আসলে অভিনেত্রী শ্রীলীলার সঙ্গেই তিলকের সম্পর্কের দিকে ইশারা করেছেন।
১ বছর ধরে গোপনে মন দেওয়া-নেওয়া?
শোনা যাচ্ছিল, গত কয়েক মাস ধরেই নাকি শ্রীলীলা এবং তিলকের মধ্যে এক গোপন রসায়ন তৈরি হয়েছে। ভেতরের খবর বলে দাবি করে অনেকেই বলছিলেন, তাঁরা প্রায় এক বছর ধরে একে অপরকে চেনেন এবং ইদানীং তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটাই বেড়েছে। ক্রিকেটার তিলক নাকি এই দক্ষিণী সুন্দরীর প্রেমে কার্যত ক্লিন বোল্ড!
গুঞ্জন উড়িয়ে কড়া জবাব শ্রীলীলার: তিলক ভার্মাকে মন দেওয়ার এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই আর চুপ করে থাকেনি শ্রীলীলার জনসংযোগ (PR) টিম। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা সমস্ত জল্পনা ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে। টিমের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, “এই প্রেমের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা। শ্রীলীলা ও তিলক ভার্মার মধ্যে আজ পর্যন্ত কোনোদিন সামনাসামনি দেখাই হয়নি! তাই এই জল্পনার মধ্যে এক ফোঁটাও সত্যতা নেই। আমরা অনুরোধ করব, এই ধরণের ভুয়ো তথ্য ছড়ানো অবিলম্বে বন্ধ করা হোক।”
শ্রীলীলার পিআর টিমের এই কড়া বিবৃতির পর আপাতত প্রেমের গুঞ্জনে জল পড়লেও, ক্রিকেটপ্রেমী ও সিনেমা অনুরাগীদের উৎসাহ কিন্তু কমছে না। সূর্যকুমারের সেই ‘প্রেমের খোঁচা’ আসলে কার উদ্দেশ্যে ছিল, তা জানতে এখন মরিয়া ভক্তরা!