১ জুন থেকেই সরকারি বাসে ফ্রি-তে ঘুরবেন মহিলারা! চালু হচ্ছে ‘০ টাকার টিকিট’, জানুন নবান্নের নতুন গাইডলাইন!

নতুন সরকার গঠনের পরই মহিলাদের জন্য বিনামূল্যে বাস সফরের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এবার বাস্তবায়িত হতে চলেছে। পরিবহন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই এই ফ্রি বাস পরিষেবার (Govt Buses) গাইডলাইন বা নির্দেশিকা চূড়ান্ত করে ফেলা হয়েছে। আগামী ১ জুন থেকেই রাজ্যের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা কীভাবে নেওয়া যাবে এবং কী কী নিয়ম মানতে হবে, তা নিয়ে বড় আপডেট সামনে এল।

আসছে ‘০ টাকার টিকিট’ ও স্পেশাল কার্ড!
পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত সরকারি বাসে মহিলা যাত্রীদের টিকিট কাটার সময় পকেট থেকে কোনো টাকা দিতে হবে না। তাঁদের দেওয়া হবে ‘শূন্য মূল্যের টিকিট’ (Zero Value Ticket)। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে এই পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ করতে মহিলাদের জন্য একটি বিশেষ কার্ড বা ‘ফ্রি ট্রাভেল পাস’ চালু করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

১ জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর করার ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়, তার জন্য মে মাসের মধ্যেই বাসের চালক ও কন্ডাক্টরদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

কারা পাবেন এই সুবিধা? কী কী নিয়ম মানতে হবে?
মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা পাওয়ার ক্ষেত্রে পরিবহন দফতরের গাইডলাইনে কয়েকটি বিষয় স্পষ্ট করা হয়েছে:

রাজ্যের বাসিন্দা: এই সুবিধা পাওয়ার জন্য মহিলা যাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

পরিচয়পত্র বাধ্যতামূলক: বাসে সফরের সময় নিজেদের কাছে একটি সচিত্র সরকারি পরিচয়পত্র (যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি) রাখতে হবে, যা প্রয়োজনে কন্ডাক্টরকে দেখাতে হতে পারে।

টিকিটের বিশেষত্ব: মহিলা যাত্রীদের যে ০ টাকার টিকিট দেওয়া হবে, তাতে অশোক স্তম্ভের ছবি এবং ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা থাকবে। বাসে ওঠার সময়ই যোগ্য মহিলা যাত্রীদের এই নিয়মের কথা কন্ডাক্টরের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।

বাসের সংখ্যা বাড়াতে বড় উদ্যোগ সরকারের!
রাজ্যে মহিলাদের বিনামূল্যে যাতায়াত চালু হলে সরকারি বাসে ভিড় একলাফে অনেকটাই বাড়বে। অথচ বর্তমানে রাজ্যে সরকারি সচল বাসের সংখ্যা ২,৫০০-রও কম এবং বহু বাস অকেজো হয়ে পড়ে রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা: এই ঘাটতি মেটাতে এবং সরকারি বাস পরিষেবাকে আরও উন্নত করতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক চলছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই রাজ্যে প্রচুর সংখ্যক নতুন ইলেকট্রিক বাস বা বৈদ্যুতিক বাস (E-Buses) নামানো হবে। এর জন্য দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করার তোড়জোড়ও চালাচ্ছে পরিবহন দফতর।