মধ্যরাতে মেগা অ্যাকশন! গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী, তোলপাড় রাজ্য রাজনীতি!

রাজ্যে নতুন সরকারের মেগা অ্যাকশন! মঙ্গলবার মধ্যরাতে এক চরম নাটকীয় পরিস্থিতিতে গ্রেফতার হলেন দাপুটে তৃণমূল নেতা তথা রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার মাঝরাতে গ্রেফতারের পর বুধবার সকালেও তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে দেবরাজকে ভবানীভবনে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, তোলা আদায় এবং আর্থিক দুর্নীতি-সহ একাধিক গুরুতর মামলা রয়েছে।

দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উৎসবে মেতেছেন বিরোধী শিবিরের নেতারা। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীনই বিজেপি নেতারা দেবরাজের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন।

এদিন গ্রেফতারির পরপরই রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করে লেখেন, “পাপ বিদায় হয়েছে।” বিজেপির অন্যান্য শীর্ষ স্তরের নেতারাও এই নিয়ে সমাজমাধ্যমে তৃণমূলকে তীব্র আক্রমণ শানাতে শুরু করেছেন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। বেআইনি কাজ, তোলাবাজি ও একাধিক অপরাধের অভিযোগে একের পর এক দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করছে প্রশাসন।

ফলতাতেও বড় ধাক্কা তৃণমূলের:
একদিকে যখন দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছেন, ঠিক তখনই অন্য দিকে ফলতা নির্বাচন থেকে হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনের এই কড়া পদক্ষেপের জেরেই ব্যাকফুটে চলে যাচ্ছে বিরোধী শিবির।

তোলাবাজি ও দুর্নীতি মামলায় দেবরাজ চক্রবর্তীর এই গ্রেফতারি আগামী দিনে শাসক-বিরোধী তরজাকে কোন পর্যায়ে নিয়ে যায়, এখন সেটাই দেখার। এই ঘটনার পর রাজারহাট ও সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।