অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল চালু, জেনেনিন কিভাবে কারা পাবেন এই টাকা?

রাজ্যে এবার শুরু হতে চলেছে সামাজিক সুরক্ষার এক নতুন অধ্যায়। পূর্বতন সরকারের দেড় হাজার টাকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের বদলে এবার মহিলারা পেতে চলেছেন নতুন বিজেপি সরকারের তিন হাজার টাকার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকেই রাজ্যে এই প্রকল্প কার্যকর হতে চলেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের অফিশিয়াল পোর্টাল চালু করেছে অর্থ দফতর।

১ জুন থেকেই অ্যাকাউন্টে টাকা, কারা পাবেন?

অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, ১ জুন থেকে রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবেন।

  • লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা: যাঁরা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁরা সবাই স্বয়ংক্রিয়ভাবেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর টাকা পাবেন।

  • নতুন আবেদনকারী: যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেননি, তাঁরাও এই নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

কারা এই সুবিধা পাবেন না?

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৯১ লক্ষ উপভোক্তার নাম পর্যালোচনা করা হবে। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই টাকা মিলবে না:

  • আবেদনকারী যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী হন।

  • সরকারি পেনশনভোগী হলে এই সুবিধা পাওয়া যাবে না।

  • রাজ্য সরকারের অনুমোদিত স্কুলের শিক্ষক বা অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত কর্মীরা এর আওতাভুক্ত হবেন না।

  • আবেদনকারী আয়কর দাতা (Income Tax Payee) হলে টাকা পাবেন না।

  • এছাড়া, উপভোক্তা মারা গেলে বা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকলে (যেমন বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত সমস্যা) নাম বাদ যাবে। SIR থেকে বাদ পড়া নামগুলির নাগরিকত্ব কঠোরভাবে যাচাই করা হবে।

পোর্টাল চালু হলেও রয়েছে কিছু ‘যান্ত্রিক ত্রুটি’

অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অফিশিয়াল ওয়েবসাইট (https://socialsecurity.wb.gov.in/login) চালু করা হয়েছে। এই পোর্টালে ঢুকে মহিলারা তাঁদের আবেদনের স্টেটাস (Status) দেখতে পারবেন। ওয়েবসাইটে মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করার ব্যবস্থা রয়েছে।

জরুরি নোট: পোর্টালটি চালু হলেও এখনও নতুন রেজিস্ট্রেশনের (New Registration) অপশনটি পুরোপুরি সক্রিয় হয়নি। এমনকি যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরাও মোবাইল নম্বর দিয়ে লগইন করতে গেলে ‘ইনভ্যালিড’ (Invalid) দেখাচ্ছে। ধারণা করা হচ্ছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি চালু হতে এবং যান্ত্রিক ত্রুটি কাটতে আরও কয়েক দিন সময় লাগবে। নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত আবেদনকারীদের কিছুটা অপেক্ষা করতে হবে।

কীভাবে যাচাই হবে আবেদন?

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে স্ক্রুটিনির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। গ্রামীণ এলাকার আবেদনপত্রগুলি যাচাই করে সরকারি অনুমোদন দেবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও (BDO)। শহরাঞ্চলের ক্ষেত্রে এই দায়িত্ব থাকবে মহকুমা শাসকের (SDO) ওপর। আর কলকাতা পুরসভা এলাকায় আবেদনপত্রগুলি যাচাই করবেন স্বয়ং পুর কমিশনার। সমস্ত অনুমোদিত আবেদন পোর্টালে আপলোড হওয়ার পরেই সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) টাকা পাঠানো শুরু হবে।

Editor001
  • Editor001