মাঝরাতের বৃন্দাবনে আর দেখা যাবে না প্রেমানন্দ মহারাজকে! আচমকা এই সিদ্ধান্তের পেছনে আসল রহস্য কী?

বৃন্দাবনের প্রখ্যাত সন্ত রাধারমন চরণ অনুরাগী শ্রী প্রেমানন্দ মহারাজকে নিয়ে উদ্বেগের ছায়া নেমে এসেছে তাঁর কোটি কোটি ভক্তের মনে। ভক্তদের মাঝে অত্যন্ত জনপ্রিয় তাঁর প্রতিদিনের রাতের পদযাত্রা এবং ‘দর্শন’ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আচমকা এই সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসতেই দেশ-বিদেশের ভক্তকুলের মধ্যে শোরগোল পড়ে গেছে। প্রিয় গুরুজিকে এভাবে মাঝরাতে আর দর্শন করা যাবে না, এই কথা ভেবে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

শ্রী কৃষ্ণ শরণম আশ্রমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আশ্রম কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, অনিবার্য কিছু কারণ এবং মূলত মহারাজের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিকিৎসকদের কড়া পরামর্শ মেনে এখন থেকে তাঁর রাতের পদযাত্রা সম্পূর্ণ স্থগিত থাকবে।

উল্লেখ্য, প্রতি রাতে আশ্রম থেকে বের হয়ে ভক্তদের দর্শন দিতেন এবং তাঁদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করতেন প্রেমানন্দ মহারাজ। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—কোনো প্রতিকূল আবহাওয়াই তাঁর এই রুটিনে বাধা সৃষ্টি করতে পারেনি। মধ্যরাতের সেই পদযাত্রায় অংশ নিতে এবং মহারাজের একঝলক দর্শন পেতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ বৃন্দাবনে ভিড় জমাতেন।

আশ্রমের একটি বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন ধরেই প্রেমানন্দ মহারাজের দুটি কিডনিই বিকল। তীব্র শারীরিক অসুস্থতা এবং কিডনির ডায়ালিসিস চলা সত্ত্বেও তিনি এতদিন ভক্তদের দর্শন দেওয়া বন্ধ করেননি। কিন্তু সম্প্রতি তাঁর শরীরের ওপর ধকল অতিরিক্ত বেড়ে যাওয়ায় এবং ভক্তদের উপচে পড়া ভিড়ের কারণে সুরক্ষার স্বার্থে চিকিৎসকেরা তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

হঠাৎ এই কর্মসূচি বন্ধ হওয়ায় ভক্তদের একাংশ যেমন হতাশ ও মর্মাহত, তেমনই অন্য অংশ মহারাজের দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা শুরু করেছেন। আশ্রমের পক্ষ থেকে ভক্তদের ধৈর্য ধরার এবং মহারাজের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।