পুজো বা বড়দিনেই কি বিমানবন্দর মেট্রো? চিংড়িঘাটায় শুরু মেগা কাজ, বাইপাসে বিরাট ট্র্যাফিক বদল!

কলকাতা তথা সল্টলেক ও নিউটাউনবাসীর জন্য যেমন সুখবর, তেমনই আগামী কয়েকদিনের জন্য ইএম বাইপাসের যাত্রীদের জন্য কিছুটা চিন্তারও বটে। দীর্ঘ আইনি জট ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়ে গেল ইএম বাইপাসের অন্যতম ব্যস্ত মোড় চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ। ইতিমধ্যেই শুরু হয়েছে পিলারের ওপর গার্ডার বসানোর (সেগমেন্ট লঞ্চিং) মূল প্রক্রিয়া। তবে এই মেগা কাজের জন্য বাইপাসে যান চলাচলেই বড়সড় কাটছাঁট ও নিয়ন্ত্রণ জারি করেছে কলকাতা পুলিশ।
পুজো বা বড়দিনেই কি সুখবর?
নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ‘অরেঞ্জ লাইন’ মেট্রো প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে গত কাল, ১৫ মে (শুক্রবার) রাত ৮টা থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। চিংড়িঘাটা মেট্রো স্টেশনের ৩১৭, ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের মাঝে দু’টি বিশাল গার্ডার বসানোর সময় প্রাথমিক কিছু সমস্যা দেখা দিলেও, বর্তমানে কাজ গতি পেয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, এই গুরুত্বপূর্ণ অংশের কাজ যদি পরিকল্পনা অনুযায়ী শেষ করা যায়, তবে আগামী পুজো কিংবা বড়দিনের (ক্রিসমাস) আগেই এই রুটে বাণিজ্যিক মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে।
বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ: কোন দিন কোন রাস্তা বন্ধ?
চিংড়িঘাটা মোড়ে মেগা ব্লকের এই কাজের জন্য ইএম বাইপাসে গাড়ি চলাচলের ক্ষেত্রে কড়া নোটিফিকেশন জারি করেছে কলকাতা পুলিশ। মেট্রোর এই কাজ মূলত দুটি দফায় উইকএন্ড বা ছুটির দিনগুলিতে করা হচ্ছে, যাতে সপ্তাহের কাজের দিনে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।
প্রথম পর্যায় (উত্তরমুখী যান চলাচল বন্ধ): ১৫ মে (শুক্রবার) রাত ৮টা থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে উত্তরমুখী যান চলাচলের জন্য বাইপাসের পশ্চিম দিকটি সম্পূর্ণ বন্ধ থাকবে।
দ্বিতীয় পর্যায় (দক্ষিণমুখী যান চলাচল বন্ধ): আগামী ২২ মে (শুক্রবার) রাত ৮টা থেকে ২৫ মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত। এই দফায় দক্ষিণমুখী যান চলাচলের জন্য বাইপাসের পূর্ব দিকটি বন্ধ রাখা হবে।
কীভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি?
কলকাতা পুলিশ জানিয়েছে, রাস্তা বন্ধ থাকার দিনগুলিতে যানবাহনকে নির্দিষ্ট ডাইভারশন বা বিকল্প রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। চিংড়িঘাটা মোড়ের ট্র্যাফিক সচল রাখতে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। তবে ট্র্যাফিক পুলিশ স্পষ্ট করে দিয়েছে, কাজের অগ্রগতি এবং যানজটের তীব্রতা বুঝে পরিস্থিতি অনুযায়ী অন-স্পট অতিরিক্ত ট্র্যাফিক নিয়ন্ত্রণ বা রুট ডাইভারশন করা হতে পারে। তাই আগামী কয়েকদিন বাইপাস বা সল্টলেক রুটে বেরোনোর আগে হাতে কিছুটা বাড়তি সময় নিয়ে বেরনোই শ্রেয়।