মর্মান্তিক! মদপানে একে একে মারা গেলেন ২৪ জন, শোকে নিহতদের পরিবার

নিজের মনের খায়েশ মেটাতে করেছিলেন মদপান। তবে সেই মদপানে একে একে মারা গেছেন ২৪ জন। আর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরো অনেকে।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদপানে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৪ জনের মৃত্যুর পাশাপাশি অনেকে মৃত্যুর মুখোমুখি রয়েছেন। যারা মারা গেছেন তাদের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে ঘটনার আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে বিষাক্ত মদকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। একই অভিযোগ করেছে মৃতদের পরিবারও।
এসব মৃত্যুর জন্য নিতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন স্থানীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক জনক সিং। তার দাবি, মৃতদের মধ্যে তিনজন তার গ্রামের বাসিন্দা।
স্থানীয় সংবাদমাধ্যমকে এ বিধায়ক বলেন, রাজ্যে প্রায়ই বিষাক্ত মদ খেয়ে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করছেন না। এজন্য বিহারের রাজ্য সরকারকেই দায়ী করা হবে। কারণ, মূখ্যমন্ত্রী নিতীশ বলেছিলেন, এ ধরনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু আদতে কিছুই হচ্ছে না।