‘আদিম অস্ত্রে’ ভারত-চীন সেনাদের তুমুল মারামারি, ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)। সেখানে গত শুক্রবার ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। এর মধ্যেই আদিম যুগ থেকে ব্যবহৃত লাঠি নিয়ে দুই দেশের সেনাদের মারামারির একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।
গত ১৩ ডিসেম্বর হসামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি।
তবে ভারতীয় এক সেনা কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি ২০২১ সালের ২৮ সেপ্টেম্বরের। কিন্তু অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেই ঘটনাটি ঘটেছে।
ভিডিওটিতে দেখা যায়, সবুজ পাহাড় ঘেরা একটি অঞ্চলে দুই দেশের সেনারা দাঁড়িয়। তাদের মধ্যে আছে কাঁটাতারের বেড়া। চীনের এক সেনা সদস্যকে হাতে তৈরি কাঠের ও স্টিলের লাঠি দিয়ে আঘাত করছেন ভারতীয়রা। এছাড়া দাঁড়িয়ে থাকা চীনের সেনাদের দিকে ইট ছুড়ে মারছেন তারা। কাঁটাতারের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা চাইনিজ সেনারাও লম্বা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন।
ভিডিওটির শেষে দেখা যায়, সেনাদের চাপাচাপিতে কাঁটাতারের বেড়াটি ভেঙে পড়েছে। এরপর সামনের দিকে এগিয়ে যান ভারতীয় সৈন্যরা। তারা এগিয়ে যাওয়ার পর পাথরের তৈরি ছোট একটি দেওয়াল টপকে পালিয়ে যান চীনের সেনারা। ঐ সময় ভারতীয় সেনাদের উল্লাস করতে শোনা যায়।
ভারত-চীন সীমান্ত ৩ হাজার ৩৭৯ কিলোমিটা। কোনো নির্দিষ্ট চিহ্ন না থাকায় দুই দেশের সেনাদের মধ্যে প্রায়ই ঝামেলা বাধে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা সংঘর্ষে জড়ান।
এ ভিডিওটি সাম্প্রতিক সময়ের না হলেও দুই দেশের সেনাদের মধ্যে সীমান্ত নিয়ে কি ধরনের উত্তেজনা বিরাজ করে এটিতে সেটিরই প্রতিফলন দেখা গেছে।
এর আগে, ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও চীনের সেনারা। সেই ঘটনায় ভারতের ২০ জন ওচীনের প্রায় ৪০ জন সেনা আহত বা নিহত হয়েছিলেন। এরপর দুই বছর এমন কোনো সংঘর্ষের ঘটনার কথা শোনা যায়নি।