লিক হবে না প্রশ্নপত্র! আগামী বছর থেকে বদলে যাচ্ছে নিট পরীক্ষার নিয়ম, কী জানালেন ধর্মেন্দ্র প্রধান?

বারংবার ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের জেরে কয়েক লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার মুখে, ঠিক তখনই পরিস্থিতি সামাল দিতে বড়সড় দাওয়াই দিল কেন্দ্র। আগামী বছর থেকে নিট (NEET UG) পরীক্ষা আর অফলাইনে কলম-কাগজে হবে না; পরিবর্তে পুরোপুরি অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবং শিক্ষা মন্ত্রকের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই বড় ঘোষণা করা হয়। মন্ত্রী স্পষ্ট জানান, সিস্টেমের স্বচ্ছতা বজায় রাখতে এবং জালিয়াতি রুখতে অনলাইন মোডই সেরা বিকল্প।

২১ জুনের পুনঃপরীক্ষায় একগুচ্ছ সুবিধা
গত ৩ মে-র পরীক্ষা বাতিল হওয়ার পর আগামী ২১ জুন ফের নিট পরীক্ষা হতে চলেছে। পরীক্ষার্থীদের মানসিক চাপের কথা মাথায় রেখে বেশ কিছু স্বস্তিদায়ক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র:

পরীক্ষা ফি ফেরত: যে সকল পড়ুয়া আগের পরীক্ষায় বসেছিলেন, তাঁদের পুরনো ফি রিফান্ড করে দেওয়া হবে। ২১ জুনের পরীক্ষার জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না।

পছন্দের শহর বাছার সুযোগ: পরীক্ষার্থীরা পুনরায় তাঁদের সুবিধামতো পরীক্ষার শহর বেছে নিতে পারবেন। এর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে। আজ বিকেলেই এই সংক্রান্ত বিস্তারিত নোটিস জারি করা হচ্ছে।

অতিরিক্ত সময়: ওএমআর (OMR) শিট পূরণ করার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। আগামী ১৪ জুন থেকেই মিলবে নতুন অ্যাডমিট কার্ড।

কড়া বার্তা শিক্ষামন্ত্রীর
এদিনের সাংবাদিক বৈঠকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলা তীব্র বিতর্কের দায় কার্যত স্বীকার করে নিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মেনেই পরীক্ষা হয়েছিল, কিন্তু সিস্টেমে যে গাফিলতি রয়েছে তা সরকার মেনে নিচ্ছে এবং তা শোধরানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, “সিবিআই ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত একজনকেও রেয়াত করা হবে না।”

পড়ুয়াদের উদ্দেশে তাঁর আর্জি, কোনো রকম জল্পনা বা গুজবে কান না দিয়ে তাঁরা যেন পুনরায় পরীক্ষার প্রস্তুতিতে মন দেন। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা এই পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।