রাত ৮টার পর কেন বাইরে? নীতিপুলিশি রুখতে মহিলাদের জন্য বিরাট ঘোষণা অগ্নিমিত্রার!

ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। নির্বাচনের ‘সংকল্প পত্রে’ মহিলা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছিল গেরুয়া শিবির। সেই কথা রাখতেই এবার রাজ্যে মহিলাদের জন্য ২৪x৭ বিশেষ হেল্পলাইন নম্বর চালু করতে চলেছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল।
১৮১ নম্বর এবং জিও ট্যাগিং-এর সুরক্ষা: নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে মন্ত্রী জানান, রাজ্যে মহিলাদের বিপদে দ্রুত সাহায্য করতে খুব শীঘ্রই ১৮১ হেল্পলাইন নম্বরটি সক্রিয় করা হচ্ছে। এই পরিষেবার বিশেষত্ব হলো ‘জিও ট্যাগিং’। অর্থাৎ, কোনও মহিলা সমস্যায় পড়ে এই নম্বরে ফোন করলে প্রযুক্তির মাধ্যমে তাঁর সঠিক অবস্থান বা লোকেশন তৎক্ষণাৎ জেনে যাবে পুলিশ।
থানায় থানায় মহিলা ডেস্ক: অগ্নিমিত্রা পল বলেন, “এই হেল্পলাইন নম্বরে ফোন আসা মাত্রই সেই লোকেশনের নিকটবর্তী থানার ‘মহিলা ডেস্ক’-এ খবর চলে যাবে। এর ফলে অতি দ্রুত ঘটনাস্থলে পুলিশি সাহায্য পৌঁছানো সম্ভব হবে।” উল্লেখ্য, প্রতিটি থানায় আলাদা মহিলা হেল্প ডেস্ক তৈরি করা বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যা এখন বাস্তবায়নের পথে।
নীতিপুলিশিকে কড়া বার্তা: রাজ্যের মা-বোনেদের জন্য এক খোলা আকাশের নিচে বাঁচার গ্যারান্টি দিয়েছেন মন্ত্রী। নীতিপুলিশি বা পোশাক নিয়ে অযথা হস্তক্ষেপের দিন শেষ হতে চলেছে বলে দাবি তাঁর। অগ্নিমিত্রার সাফ কথা, “আমার পশ্চিমবঙ্গের মা-বোনেরা যখন খুশি বাইরে বেরোবেন, যা ইচ্ছে পোশাক পরবেন, যা ইচ্ছে খাবার খাবেন। রাত ৮টার পর কেন মহিলারা বেরিয়েছে— এই প্রশ্ন করার অধিকার কারও নেই।”
বিজেপি সরকারের আমলে মহিলারা যাতে স্বাধীনতার পূর্ণ স্বাদ নিয়ে এবং ভয়মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পারেন, সেটাই তাঁদের সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পল। প্রশাসনিক স্তরে এই হেল্পলাইন পরিষেবা চালু হলে রাজ্যের মহিলা নিরাপত্তা এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী রাজনৈতিক মহল।