সাবধান! আপনার এসি-র ভেতরেই লুকিয়ে থাকতে পারে যমদূত, কীভাবে ঢুকে পড়ে বিষধর সাপ? এখনই সতর্ক হোন

তীব্র গরমে ঘর ঠান্ডা করতে এসি চালিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু শীতল হাওয়ার বদলে এসি মেশিন থেকে যা বেরিয়ে এল, তা দেখে আতঙ্কে রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়! গুজরাটের ভালসাদ জেলার পার্দির পো রেলওয়ে এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় দেখা গেছে, একটি এসি মেশিনের ভেতর থেকে একে একে তিনটি সাপ বেরিয়ে আসছে। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

এসি খুলতেই হাড়হিম দৃশ্য
স্থানীয় সূত্রে জানা গেছে, এসি চালু করার কিছুক্ষণ পরেই মেশিনের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। এর পরেই দেখা যায়, ভেন্টের ভেতর দিয়ে সাপ বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে স্থানীয় ‘জীব দয়া গ্রুপ’ নামক একটি এনজিও-কে খবর দেওয়া হয়। সংস্থার সদস্যরা এসে এসি মেশিনটি খুলে অত্যন্ত সাবধানে তিনটি সাপকেই জীবিত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

কীভাবে উঁচুতে থাকা এসিতে ঢুকে পড়ে সাপ?
ভালসাডের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এর আগে আহমেদাবাদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই ধরনের খবর সামনে এসেছে। বিশেষজ্ঞরা এসিতে সাপ ঢোকার তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন:

১. আউটডোর ইউনিট ও খোলা ডাক্ট: বাড়ির বাইরে থাকা এসির আউটডোর ইউনিট যদি বাগানে বা মাটিতে সরাসরি বসানো থাকে, তবে সাপ সহজেই তার ভেতরে ঢুকে পড়তে পারে। সেখান থেকে কপার পাইপ বা ডাক্টের মাধ্যমে সাপ সোজা ইনডোর ইউনিটে পৌঁছে যায়। পাইপ ঢোকানোর জন্য দেওয়ালে যে ছিদ্র করা হয়, তা ঠিকমতো সিল না করা থাকলে সাপের প্রবেশ আরও সহজ হয়ে যায়।

২. ঝোপঝাড় ও লতা: বাড়ির দেওয়াল ঘেঁষে যদি বড় গাছ বা ঝোপঝাড় থাকে, তবে সাপ সেই ডালপালার সাহায্য নিয়ে জানালার এসি বা স্প্লিট এসির ড্রেন পাইপ পর্যন্ত পৌঁছে যেতে পারে।

৩. উষ্ণতার টান: বিশেষ করে বর্ষাকালে যখন বাইরে আবহাওয়া ঠান্ডা থাকে, তখন সাপ বা সরীসৃপ প্রাণীরা একটু উষ্ণ জায়গা খোঁজে। এসির কম্প্রেসর বা ভেতরের অংশ গরম থাকায় তারা সেখানে আস্তানা তৈরি করে।

বিপদ এড়াতে আজই যা করবেন

আপনার এসি-কেও সাপের আস্তানা হওয়া থেকে বাঁচাতে বিশেষজ্ঞদের এই টিপসগুলো মেনে চলুন:

ছিদ্র বন্ধ করুন: এসি পাইপ দেওয়ালে যেখানে ঢুকেছে, সেই চারপাশের ফাঁকা জায়গা সিমেন্ট বা বিশেষ পুটি দিয়ে পুরোপুরি সিল করে দিন।

উইন্ডো এসিতে বাড়তি নজর: উইন্ডো এসির ক্ষেত্রে ড্রেন পাইপ যেন মাটি স্পর্শ না করে। জানালার ফ্রেমের সঙ্গে এসির মাঝে কোনো ফাঁক থাকলে তা ফিলার দিয়ে বন্ধ করুন।

পরিবেশ পরিষ্কার রাখা: বাড়ির আউটডোর ইউনিটের চারপাশে কোনো জঞ্জাল বা ঝোপঝাড় জমতে দেবেন না। নিয়মিত পরিষ্কার রাখলে সাপের উপদ্রব কমবে।

গুজরাটের এই ভিডিওটি এখন নেটদুনিয়ায় আতঙ্কের সৃষ্টি করেছে। নিরাপদ থাকতে আজই আপনার বাড়ির এসি-র ডাক্ট এবং আউটডোর ইউনিটটি একবার পরীক্ষা করে নিন।