স্কুলছুটি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, ১ জুন থেকে মহিলাদের জন্যও থাকছে বিশেষ চমক!

তপ্ত গরমে হাঁসফাঁস করা রাজ্যবাসীর জন্য এল স্বস্তির খবর। রাজ্যে নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করতেই বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তীব্র দাবদাহের জেরে স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। অর্থাৎ, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ জুন থেকে ফের খুলবে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল।

এদিন নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর শিক্ষা দপ্তরের সচিব এক নির্দেশিকা জারি করে ছুটির এই বর্ধিত মেয়াদের কথা জানান। আগে ১৮ মে স্কুল খোলার কথা থাকলেও, আবহাওয়া ও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আরও দু’সপ্তাহ ছুটি বাড়াল প্রশাসন। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত রাজ্যের সমস্ত স্তরের স্কুলেই এই নিয়ম কার্যকর হবে, তবে পাহাড়ি এলাকা এই নির্দেশের আওতার বাইরে থাকছে।

লক্ষ্মীলাভ উপভোক্তাদের, ডাবল হচ্ছে ভাতা শুধুমাত্র স্কুলছুটিই নয়, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনেও বড় পদক্ষেপ করল নতুন সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগের সরকারের চালু করা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। বরং সেগুলিকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করা হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পল ঘোষণা করেছেন যে, এখন থেকে বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। উপভোক্তারা সরাসরি ডিবিটি-র (DBT) মাধ্যমে এই টাকা পাবেন।

আসছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ও ফ্রি বাস পরিষেবা নতুন প্রশাসনের হাত ধরে আগামী ১ জুন থেকে রাজ্যে আত্মপ্রকাশ করতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। ধাপে ধাপে সারা রাজ্যে এই প্রকল্প কার্যকর করা হবে। পাশাপাশি, ১ জুন থেকেই রাজ্যের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, প্রশাসনকে সম্পূর্ণ ‘পেপারলেস’ এবং স্বচ্ছ করতে পোর্টালগুলি আপডেট করা হচ্ছে। তবে জালিয়াতি রুখতে কড়া অবস্থান নিয়েছে নবান্ন। স্পষ্ট জানানো হয়েছে, কোনও মৃত ব্যক্তি বা অ-ভারতীয় নাগরিক এই প্রকল্পগুলির সুবিধা পাবেন না। মূলত প্রকৃত অভাবী মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই নতুন সরকারের লক্ষ্য।