বিজয় থালাপথির ব্যাঙ্কে কত টাকা? হলফনামার তথ্য দেখে চোখ কপালে নেটিজেনদের!

তামিলনাড়ু রাজনীতিতে বিপুল জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে সুপারস্টার বিজয় থালাপথি। কেউ তাঁকে ভবিষ্যতের ‘কিংমেকার’ বলছেন, আবার কেউ তাঁর রাজনৈতিক কৌশলের প্রশংসা করছেন। তবে রাজনীতির ময়দান ছাড়িয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই তারকার অবিশ্বাস্য ব্যাঙ্ক ব্যালেন্স। নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামা অনুযায়ী, বিজয়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে যে পরিমাণ অর্থ জমা রয়েছে, তা দেখে হতবাক বিশেষজ্ঞরাও।
সেভিংস অ্যাকাউন্টেই ২২০ কোটির মালিক!
সাধারণত মানুষ সেভিংস অ্যাকাউন্টে দৈনন্দিন খরচের টাকা রাখেন, কিন্তু থালাপথি বিজয়ের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা। তাঁর পাঁচটি সেভিংস অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ ২১৯ কোটি ৯৭ লক্ষ ৮৩ হাজার ৩৬৪ টাকা। হলফনামার সবথেকে চাঞ্চল্যকর তথ্য হলো, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সালিগ্রামম শাখার একটি মাত্র অ্যাকাউন্টে জমা রয়েছে ২১৩.৩৬ কোটি টাকা! এছাড়া অ্যাক্সিস ব্যাংকে ৫.৭৯ কোটি, এইচডিএফসি ব্যাংকে ৭৭.২২ লক্ষ এবং আইসিআইসিআই ও এসবিআই শাখাতেও লক্ষাধিক টাকা জমা রয়েছে।
ফিক্সড ডিপোজিটেও সেঞ্চুরি
শুধু সেভিংস নয়, বিজয়ের সঞ্চয়ের ঝুলি বড় হয়েছে ফিক্সড ডিপোজিটের (FD) মাধ্যমেও। তাঁর চারটি আলাদা ব্যাংকে মোট ১০০ কোটি টাকারও বেশি ফিক্সড ডিপোজিট রয়েছে। যার মধ্যে অ্যাক্সিস ব্যাংকে ৪০ কোটি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে ২৫ কোটি, এইচডিএফসি ব্যাংকে ২০ কোটি এবং এসবিআই-তে রয়েছে ১৫ কোটি টাকা। সেভিংস ও এফডি মিলিয়ে শুধুমাত্র ব্যাংকেই তাঁর সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় ৩২০ কোটি টাকা।
মোট সম্পত্তির খতিয়ান
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, থালাপথি বিজয়ের মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬২৪ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তি ২২০ কোটি টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৪০৪ কোটি টাকা। আয়ের উৎসের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ১৮৪ কোটি টাকারও বেশি। অভিনয় ছাড়াও বাড়ি ভাড়া, ব্যক্তিগত ব্যবসা এবং ব্যাংকের সুদ থেকে তাঁর এই বিপুল আয় আসে।
একদিকে আকাশছোঁয়া জনপ্রিয়তা আর অন্যদিকে কুবেরের ধনের মতো ব্যাংক ব্যালেন্স—সব মিলিয়ে বিজয় থালাপথি এখন ভারতের অন্যতম সম্পদশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্যাংকের এই বিপুল পরিমাণ সঞ্চয় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হলেও, একজন ব্যক্তির সেভিংস অ্যাকাউন্টে এত বিশাল অংকের টাকা থাকা বর্তমান সময়ে সত্যিই বিরল।