ইমপা-তে ঢুকে পিয়া সেনগুপ্তকে মারধর? প্রিয় বন্ধুর বিরুদ্ধেই বিস্ফোরক বনি, টলিপাড়ায় রণক্ষেত্র পরিস্থিতি!

বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি-র বিপুল জয়ের রেশ আছড়ে পড়ল টলিউড তথা ইমপা (EIMPA)-র অন্দরেও। গত দুদিন ধরে ইমপা-র অন্দরমহল উত্তপ্ত হলেও বুধবার তা কার্যত তুঙ্গে পৌঁছল। সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্তর পদত্যাগের দাবিতে একজোট হয়েছেন প্রযোজকদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে বৌবাজার থানায় দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছেন পিয়া নিজেও। এই উত্তাল পরিস্থিতিতে এবার মায়ের ঢাল হয়ে ময়দানে নামলেন অভিনেতা বনি সেনগুপ্ত।
“মা-কে মারতে এসেছিল বন্ধু!”— বিস্ফোরক বনি
গোটা ঘটনায় সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি করেছেন বনি সেনগুপ্ত। TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি আঙুল তুলেছেন প্রযোজক শতদীপ সাহার দিকে। বনির দাবি, “শতদীপ আমার বন্ধু, ও আমার সঙ্গে ক্রিকেট খেলে। কিন্তু ও আমার মা-কে মারতে এসেছিল। সিসিএল (CCL)-এর সময় নিজের ফুটেজ পাওয়ার জন্য ও আমার মা-কে ফোন করেছিল, মা ওকে সাহায্যও করেছিল। কিন্তু এখন সব সৌজন্য ভুলে এমন ব্যবহার করা হচ্ছে কেন?” বনি আরও জানান, সংগঠনের পরিবর্তন যে কেউ চাইতে পারেন, কিন্তু সেটার জন্য নিয়ম মেনে নির্বাচন হওয়া দরকার। অফিসে ঢুকে গেরুয়া আবির ছিটিয়ে এমন ‘অদ্ভুত’ আচরণ মেনে নেওয়া যায় না।
ইমপা-র অন্দরে দুর্নীতির অভিযোগ বনাম স্বজনপোষণ
পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, সদস্যপদ রিনিউ করানোর জন্য মোটা টাকা নেওয়া হয়। এমনকি ছেলেকে ছবিতে নেওয়ার জন্য প্রযোজকদের ওপর চাপ দেন পিয়া— এমন অভিযোগও তুলেছেন বিরোধীরা। তবে এই দাবি হেসেই উড়িয়ে দিয়েছেন বনি। তাঁর সাফ কথা, “মা যদি আমাকে ছবি পাইয়ে দিতেই পারত, তা হলে তো আমি রোজ শুটিং করতাম। মা-র ক্ষমতায় তো কিছু হচ্ছে না।”
স্বরূপ বিশ্বাসকে নিয়ে দানা বাঁধছে রহস্য
ইমপা-র বিরোধীদের আর একটি বড় প্রশ্ন হলো স্বরূপ বিশ্বাসকে নিয়ে। সংগঠনের প্রতিটি মিটিং এমনকি টলিপাড়ার স্ক্রিনিং কমিটিতেও কেন বারবার স্বরূপ বিশ্বাস উপস্থিত থাকতেন, তা নিয়ে সরব হয়েছেন প্রযোজকদের একাংশ। রাজনৈতিক পটপরিবর্তনের এই আবহে স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে ওঠা এই প্রশ্ন ইমপা-র পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আজ দুপুর ২টো ৩০ মিনিটে বিক্ষুব্ধ সদস্যরা ইমপা অফিসে পৌঁছে নতুন কমিটি গড়ার লক্ষ্যে প্রতিবাদ জানাবেন। মায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে বনি নিজেও আজ ইমপা-তে পৌঁছবেন বলে জানিয়েছেন। ফলে আজ বিকেলে টলিউডের এই সংগঠনের দখল ঘিরে যে বড়সড় কোনও গোলমাল হতে পারে, তার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।