রাজ্যসভায় নিশ্চিহ্ন হওয়ার পথে আপ! রাঘব চাড্ডার নেতৃত্বে ৭ সাংসদের দলবদল অনুমোদন করলেন চেয়ারম্যান

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে (AAP) এক ঐতিহাসিক ভাঙন নিশ্চিত হলো। রাঘব চাড্ডার নেতৃত্বে আপ-র সাতজন রাজ্যসভার সাংসদ আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দিলেন। রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন এই দলবদল ও মিশ্রণে আইনি সিলমোহর দেওয়ায় উচ্চকক্ষে আপ-এর অস্তিত্ব এখন খাদের কিনারায়।

এক ধাক্কায় ৭ সাংসদ বিজেপিতে: পাল্টে গেল সমীকরণ
শুক্রবার দলত্যাগের ঘোষণার পর সোমবার রাজ্যসভা চেয়ারম্যানের অনুমোদনের ফলে উচ্চকক্ষে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৩। অন্যদিকে, আম আদমি পার্টির শক্তি কমে দাঁড়াল মাত্র ৩-এ (সঞ্জয় সিং, নারায়ণ দাস গুপ্তা এবং সন্ত বালবীর সিং)।

যাঁরা গেরুয়া শিবিরে যোগ দিলেন:

রাঘব চাড্ডা

হরভজন সিং

স্বাতী মালিওয়াল

সন্দীপ কুমার পাঠক

অশোক কুমার মিত্তল

বিক্রমজিৎ সিং সাহনি

রাজিন্দর গুপ্তা

‘সংসদীয় ভদ্রতার’ পুরস্কার দিলেন কিরেন রিজিজু
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই সাত সাংসদকে স্বাগত জানিয়ে তাঁদের আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, এঁরা কখনও কুরুচিকর ভাষা বা অসংসদীয় আচরণ করেননি।” সেই সঙ্গে ‘টুকরে-টুকরে’ ইন্ডি জোটকে বিদায় জানিয়ে দেশ গঠনে তাঁদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

“আপ এখন টক্সিক!” নীরবতা ভাঙলেন রাঘব
দলবদলের পর নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে বিস্ফোরক মন্তব্য করেছেন একসময়ের কেজরিওয়াল-ঘনিষ্ঠ রাঘব চাড্ডা। নিজেকে দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দাবি করে তিনি বলেন:

ভুল দল: “আমি সঠিক মানুষ ছিলাম, কিন্তু ভুল দলে ছিলাম।”

বিষাক্ত পরিবেশ: “দলের পরিবেশ এখন বিষাক্ত (Toxic) হয়ে উঠেছে। আমাদের কাজ করতে দেওয়া হয় না, সংসদে কথা বলতে বাধা দেওয়া হয়।”

যৌক্তিকতা: “একজন বা দুজন ভুল হতে পারে, কিন্তু সাতজন সাংসদ কখনও একসঙ্গে ভুল হতে পারে না। চরম বীতশ্রদ্ধ হয়েই এই সিদ্ধান্ত।”

পাঞ্জাবেও বড় ধাক্কা
দলত্যাগকারী সাতজন সাংসদের মধ্যে ছয়জনই ছিলেন পাঞ্জাবের প্রতিনিধি। ফলে পাঞ্জাব থেকেও উচ্চকক্ষে আপ-এর প্রতিনিধি হিসেবে রইলেন মাত্র একজন— সন্ত বালবীর সিং। এই গণ-দলবদল দিল্লির আসন্ন রাজনীতিতে আম আদমি পার্টির জন্য এক বিশাল অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে।