হোয়াটসঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ, মেটা নিয়ে এলো নতুন চমক, জেনেনিন পদ্ধতি

হোয়াটসঅ্যাপ এখন আর কেবল হাই-হ্যালো করার মাধ্যম নয়, আপনার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। ইউপিআই (UPI) পেমেন্টের পর এবার ব্যবহারকারীদের জন্য মোবাইল রিচার্জ করার সুবিধাও নিয়ে এল মেটা। এখন থেকে প্রি-পেইড গ্রাহকদের রিচার্জ করার জন্য আলাদা করে আর কোনো পেমেন্ট অ্যাপ বা রিটেইল শপে যাওয়ার প্রয়োজন পড়বে না।
এক অ্যাপেই কেল্লাফতে: মেটা দীর্ঘদিন ধরেই হোয়াটসঅ্যাপকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের চেষ্টা করছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস—উভয় ব্যবহারকারীই এই সুবিধার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে নিজের বা অন্যের মোবাইল রিচার্জ সেরে ফেলতে পারবেন। জিপিএস বা ফোন পে-র মতোই এখানে এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়ার (Vi) মতো সমস্ত প্রধান টেলিকম অপারেটরকে পাওয়া যাবে।
কীভাবে করবেন রিচার্জ? (সহজ ৪ ধাপ): ১. পেমেন্ট অপশন: চ্যাট উইন্ডোর ‘অ্যাটাচমেন্ট’ আইকন বা ওপরের থ্রি-ডট মেনু থেকে ‘পেমেন্ট’ সেকশনে যান। ২. নম্বর ও অপারেটর: সেখানে ‘মোবাইল রিচার্জ’ অপশনে ক্লিক করে ফোন নম্বরটি লিখুন এবং অপারেটর বেছে নিন। ৩. প্ল্যান নির্বাচন: আপনার বাজেটের উপযুক্ত রিচার্জ প্যাক বা ডেটা প্যাকটি লিস্ট থেকে সিলেক্ট করুন। ৪. UPI পিন: আপনার হোয়াটসঅ্যাপ পেমেন্টে যুক্ত থাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআই পিন দিয়ে টাকা পরিশোধ করলেই রিচার্জ সফল হবে।
কেন এই বদল গুরুত্বপূর্ণ? ডিজিটাল নিরাপত্তার যুগে বারবার অ্যাপ বদলানোর ঝামেলা অনেকেই পছন্দ করেন না। হোয়াটসঅ্যাপ যেহেতু সারাদিন খোলা থাকে, তাই সেখান থেকেই কাজ মিটিয়ে নেওয়া অনেক বেশি সুবিধাজনক। বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ এলাকা বা বয়স্কদের জন্য, যাঁরা জটিল অ্যাপ ব্যবহারে স্বচ্ছন্দ নন, তাঁদের কাছে এই ফিচার অত্যন্ত জনপ্রিয় হবে।
চ্যাটিং, ফটো শেয়ারিং আর ভিডিও কলিংয়ের পর এখন আর্থিক লেনদেনের ‘অল-ইন-ওয়ান’ ডেস্টিনেশন হয়ে ওঠার পথে হোয়াটসঅ্যাপ।