“এক মাসের মধ্যে সাংসদ পদ যাবে!”-দলত্যাগী ২০ সাংসদকে চরম হুঁশিয়ারি অভিষেকের

সোমবার শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তার ঠিক আগেই দিল্লির রাজনীতিতে চরম উত্তেজনা ও নাটকীয় মোড়। আইনসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণকে সামনে রেখে নতুন সীমানা পুনর্বিন্যাস বিল—১৩২তম সংশোধিত সংবিধান বিল, ২০২৬—পেশ করতে চলেছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই বিল পাশ হলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হতে পারে বলে খবর। এই আবহে তৃণমূল ছেড়ে এনসিপিআই (NCPI)-এ যাওয়া ২০ জন সাংসদের সমর্থন ও ভোটের সমীকরণ ঘিরে শুরু হয়েছে জোর টানাপোড়েন।

বিদ্রোহী সাংসদদের ওপর চাপ ও হুইপ জারি

এপ্রিলের পর সোমবার ফের সংসদে সীমানা পুনর্বিন্যাস বিল পেশ করার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের মধ্যে ডিএমকে, বিজেডি এবং শরদ পাওয়ারের এনসিপি ইতিমধ্যে বিলটিকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতিতে বিলের সংশোধনী পাস করাতে এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী সাংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও ২৪ নভেম্বর তাঁরা লোকসভার অধ্যক্ষকে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন, তবু খাতায় কলমে এখনও তাঁরা তৃণমূলেরই সাংসদ।

এই প্রেক্ষাপটে কড়া পদক্ষেপ নিয়েছে মমতা তৃণমূল কংগ্রেস। ৩০ নভেম্বর, সোমবার থেকে ৪ ডিসেম্বর, শুক্রবার পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশনে দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘এক মাসের মধ্যে সাংসদ পদ যাবে!’ অভিষেকের তোপ

হুইপ জারির পাশাপাশি বিদ্রোহী সাংসদদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৭২ ঘণ্টাকে ‘অত্যন্ত ক্রুশিয়াল’ আখ্যা দিয়ে তিনি বলেন, “বাংলার মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে বিজেপি এবং গদ্দাররা যে গোপন সমঝোতা করেছে, তার আরও তথ্য আগামী দিনেও প্রকাশ্যে আনা হবে।”

সংবিধানের দশম তফসিল বা ‘টেন শিডিউল’-এর প্রসঙ্গ টেনে অভিষেকের হুঁশিয়ারি, “ওরা তো দেশের সাংসদ। সংবিধান খুলে ‘টেন শিডিউল’ পড়ুন। দু মাস পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকেও খারাপ পরিণতি হবে। অধ্যক্ষ ওদের এনসিপিআই হিসাবে স্বীকৃতি দিলেও টেন শিডিউল আপনার বিরুদ্ধে যাবে। আর যদি না দেয়, তাহলে হুইপ না মানলে একমাসের মধ্যে লোকসভার সদস্য পদ চলে যাবে।” এনসিপিআই সাংসদদের ভোটদানে বিরত রাখতে বা আটকাতে ইতিমধ্যে লোকসভার স্পিকারকেও চিঠি দিয়েছেন অভিষেক।

দিল্লি যাচ্ছেন শুভেন্দু, পাল্টা জবাব সুদীপের

অভিষেকের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, তাঁরা আর তৃণমূলের সঙ্গে নেই, দল ছেড়ে বেরিয়ে এসেছেন; তাই তৃণমূলের হুইপ মানার কোনো প্রশ্নই ওঠে না।

অন্যদিকে, এনসিপিআই গোষ্ঠীর সাংসদদের মধ্যে কেউ কেউ ভোটদানে বিরত থাকতে পারেন—এমন আশঙ্কায় নড়েচড়ে বসেছে বিজেপি। সূত্রের খবর, সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিল্লিতে থাকতে বলেছে বিজেপি নেতৃত্ব। ভূপেন্দ্র যাদবের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে শুভেন্দুর বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে শনিবার কলকাতায় শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়; মুখ্যমন্ত্রীর দাবি, সাক্ষাতে শতাব্দী মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। সব মিলিয়ে সোমবার সংসদের অধিবেশন শুরুর আগেই স্পিকারের সিদ্ধান্ত এবং দলত্যাগী সাংসদদের পদক্ষেপের দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *