“ভোট দিয়ে সময় নষ্ট হয়েছে!” সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে গেরুয়া শিবির ছাড়ছেন কর্মীরা? তোলপাড় বঙ্গ রাজনীতি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পারদ এখন তুঙ্গে। প্রথম দফার ভোট শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। রাজনৈতিক বিশ্লেষকদের দীর্ঘদিনের দাবি ছিল— রাজ্যে বামেদের ভোটব্যাঙ্ক রামের দিকে অর্থাৎ বিজেপিতে সরে যাওয়ার কারণেই শক্তি বেড়েছে গেরুয়া শিবিরের। কিন্তু ২০২৬-এর এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে কি উলটপুরাণ ঘটতে চলেছে? ভাইরাল একটি পোস্ট অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।
ভাইরাল পোস্টে কী লেখা আছে?
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ‘বিদ্যাসাগর কলেজে পড়া মাকুরা’ শিরোনামে একটি কোলাজ পোস্টার ভাইরাল হয়েছে। যেখানে একাধিক বিজেপি সমর্থকের ফেসবুক পোস্টকে তুলে ধরা হয়েছে। সেখানে তাঁরা দাবি করছেন:
-
গত ১০ বছর ধরে বিজেপিকে ভোট দিয়েও তাঁদের প্রাপ্তি ‘শূন্য’।
-
বিজেপির জেতা নেতারা তৃণমূলে চলে যাচ্ছেন, অথবা তৃণমূল থেকে আসা নেতারাই বিজেপির দখল নিচ্ছেন।
-
বিজেপিকে ভোট দিলে আদতে ভোট ভাগাভাগি হয়ে তৃণমূলেরই সুবিধা হচ্ছে।
“১৭টি ভোট এবার বামেদের!”
ভাইরাল হওয়া ওই পোস্টে একজন জনৈক সমর্থক লিখেছেন, “এবার আর ভোট নষ্ট করব না। আমাদের পরিবারের ১৭টি ভোট এবার বামপন্থীদেরই দেব। সবাই ঐক্যবদ্ধভাবে বামেদের ভোট দিলে তবেই আসল পরিবর্তন আসবে।” গেরুয়া সমর্থকদের একাংশের এই ‘আদর্শ ও ঝান্ডা সরিয়ে রেখে’ বামেদের জেতানোর ডাক ঘিরে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।
কেন এই পরিবর্তনের সুর?
প্রথম দফার ভোট (২৩ এপ্রিল) মিটে যাওয়ার পর দ্বিতীয় দফার (২৯ এপ্রিল) আগে এই পোস্টার ভাইরাল হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পোস্টগুলিতে অভিযোগ করা হয়েছে, বিজেপি নাকি পরোক্ষভাবে তৃণমূলকে জেতাতেই সাহায্য করছে। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে তাই ফের ‘পুরানো পথ’ অর্থাৎ বামপন্থার দিকেই ঝুঁকতে চাইছেন একদা বাম থেকে রামে যাওয়া ভোটারদের একটি অংশ।
পরিসংখ্যান কী বলছে?
বিগত নির্বাচনগুলিতে দেখা গিয়েছিল, বামেদের ভোট শতাংশ যত কমেছে, বিজেপির ভোট তত বেড়েছে। কিন্তু এবার যদি সত্যিই ‘রামের ভোট বামে’ ফেরে, তবে তা শুধু বিজেপি নয়, শাসকদল তৃণমূলের জন্যও বড় চিন্তার কারণ হতে পারে।
সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড কি শেষ পর্যন্ত ব্যালট বক্সে প্রভাব ফেলবে? উত্তর মিলবে আগামী ৪ মে, ফলপ্রকাশের দিন।