‘দাদাগিরি’-তে এবার সৌরভের জায়গায় কে? জি বাংলার হাত ছাড়লেন দাদা!

বাংলা টেলিভিশনের ইতিহাসে এক যুগের অবসান হতে চলেছে! দীর্ঘ ১৫ বছর পর জি বাংলার অত্যন্ত জনপ্রিয় শো ‘দাদাগিরি’র মঞ্চে আর দেখা যাবে না বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ময়দান থেকে স্টুডিও—সবখানেই যার ছক্কায় কুপোকাত প্রতিপক্ষ, সেই মহারাজ এবার শিবির বদলে পা রাখছেন প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসায়।
১২৫ কোটির মেগা ডিল!
টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, স্টার জলসার সঙ্গে আগামী চার বছরের জন্য এক বিশাল অঙ্কের চুক্তিবদ্ধ হয়েছেন সৌরভ। সূত্রের খবর, এই চুক্তির পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা! আগামী চার বছর স্টার জলসার পর্দায় দুটি বড় শো সামলাবেন তিনি। যার মধ্যে প্রথমেই থাকছে বহুল প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’। আগামী সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হতে চলা এই শো-র শুটিং শুরু হতে পারে জুলাই মাস থেকেই।
দাদাগিরির সিংহাসনে কে? লিয়েন্ডার নাকি অন্য কেউ?
সৌরভ চলে যাওয়ায় ‘দাদাগিরি আনলিমিটেড’-এর পরবর্তী সঞ্চালক কে হবেন, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা। দেব, জিৎ কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম আলোচনায় থাকলেও সবচেয়ে জোরালো নাম হিসেবে উঠে আসছে টেনিস তারকা লিয়েন্ডার পেজ-এর নাম। অলিম্পিক পদকজয়ী এই তারকার সঙ্গে চ্যানেলের প্রাথমিক কথাবার্তাও হয়েছে বলে গুঞ্জন। এর আগে সিজন ৩-এ মিঠুন চক্রবর্তী সঞ্চালনা করলেও দর্শকদের মনে সৌরভের মতো জায়গা করে নিতে পারেননি তিনি। এখন দেখার, লিয়েন্ডারের সার্ভিস দাদাগিরির টিআরপি কতটা ধরে রাখতে পারে।
জি বাংলার পরবর্তী পরিকল্পনা
বর্তমানে জি বাংলায় চলছে গানের রিয়্যালটি শো ‘সা রে গা মা পা’। এটি শেষ হলে ছোটদের নিয়ে শুরু হবে ‘ড্রামাবাজ’। এরপরই দাদাগিরির নতুন সিজন আসার কথা। কিন্তু দাদাহীন দাদাগিরি দর্শক কতটা গ্রহণ করবেন, তা নিয়ে চিন্তায় চ্যানেল কর্তৃপক্ষ।
সৌরভের নতুন চ্যালেঞ্জ
স্টার জলসায় শুধু ‘বিগ বস’ নয়, সেই শো শেষ হওয়ার পর দাদাগিরির আদলেই একটি নতুন ফরম্যাটের শো নিয়ে আসবেন সৌরভ। ফলে প্রতিযোগিতার পারদ এবার চরমে। একদিকে জি বাংলার পুরনো ব্র্যান্ড ভ্যালু, অন্যদিকে স্টারের পর্দায় সৌরভের নতুনের ডাক—আসন্ন মাসগুলোতে ছোট পর্দার লড়াই যে ‘হাই ভোল্টেজ’ হতে চলেছে, তা বলাই বাহুল্য।