“ভোটের দিন রান্না করবেন না, পান্তা খান!” মা-বোনেদের কেন এমন পরামর্শ দিলেন মমতা?

ভোটের দিন হেঁশেল বন্ধ রাখুন! আগের রাতে রান্না করে জল ঢেলে রাখুন ভাতে। সোমবার বেলেঘাটার নির্বাচনী প্রচারসভা থেকে বাংলার মা-বোনেদের ঠিক এই ভাষাতেই এক অভিনব দাওয়াই দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ কেন পান্তা ভাত খাওয়ার নিদান দিলেন ‘দিদি’? নেপথ্যে রয়েছে এক গভীর রাজনৈতিক সমীকরণ।

ইভিএম লুটের আশঙ্কা মমতার তৃণমূলনেত্রীর দাবি, প্রথম দফার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ইভিএম মেশিন লুটের ছক কষছে বিজেপি। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “পোলিং স্টেশন থেকে কাউন্টিং হল— সব জায়গায় কড়া নজর রাখতে হবে। বিজেপি যাতে ভোট চুরি করতে না পারে, তার জন্য বুথ ছাড়া যাবে না।” আর এই পাহারাদারিতে মা-বোনেদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই রান্নাবান্নার ঝঞ্ঝাট এড়িয়ে ‘পান্তা ভাত’ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

“রান্না বন্ধ রেখে বিজেপিকে শায়েস্তা করুন” মমতা এদিন স্পষ্ট ভাষায় জানান, “ভোটের দিন আর গণনার দিন দরকার হলে রান্না হবে না। আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন। পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্তা করার জন্য মা-বোনেরা আমার সহযোগী হয়ে বুথ আগলান।” তাঁর মতে, রান্নায় সময় নষ্ট না করে সেই সময়টা ইভিএম পাহারা দিলে তবেই ‘যুদ্ধ জয়’ সম্ভব হবে।

হেলিকপ্টার বিতর্কে অগ্নিশর্মা মমতা এদিন শুধু পান্তা ভাতের নিদানই নয়, কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ তোলেন, রানওয়েতে তাঁর হেলিকপ্টারকে আধঘণ্টা আটকে রাখা হয়েছে। এমনকি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টারও ৪০ মিনিট আটকে রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। মমতার কথায়, “সব কেন্দ্রীয় এজেন্সি আমাকে আটকে রাখছে।”

ভোট গণনায় কড়া হুঁশিয়ারি গণনার দিন কর্মীদের এক মুহূর্তের জন্যও লড়াকু মানসিকতা না ছাড়ার পরামর্শ দিয়েছেন মমতা। তিনি বলেন, “হয়তো আপনি ১০০ ভোট পেলেন, কিন্তু কম্পিউটারে তোলা হলো ৫! যতক্ষণ না পুরো ভোটটা স্ক্রিনে উঠছে, কেউ হাল ছাড়বেন না।”