ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি বনাম আগরপাড়ায় মদনের ‘কালারফুল’ কারিশমা! ভোটের বাজারে নতুন টক-ঝাল লড়াই!

মাছ-ভাত আর বিরিয়ানির পর এবার বঙ্গ রাজনীতির নতুন ‘হট টপিক’— রাস্তার ধারের সাধারণ ঝালমুড়ি। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সারল্য, অন্যদিকে তৃণমূলের ‘কালারফুল’ বয় মদন মিত্রের চিরপরিচিত স্টাইল; সব মিলিয়ে ভোটের বাজারে মুড়ি মাখা নিয়েই এখন চর্চা তুঙ্গে।
ঝাড়গ্রামে মোদীর ‘সারপ্রাইজ’ ভিজিট
রবিবার ঝাড়গ্রামে এক নির্বাচনী কর্মসূচিতে যাওয়ার পথে আচমকাই প্রোটোকল ভেঙে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাস্তার ধারের একটি ছোট ঝালমুড়ির দোকানে ঢুকে পড়েন তিনি। বিক্রেতার হাত থেকে শুধু ঝালমুড়ি কিনে খাওয়াই নয়, পাশে থাকা ছোট ছোট শিশুদেরও নিজের হাতে ঝালমুড়ি খাওয়ান তিনি। প্রধানমন্ত্রীর এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ছবি মুহূর্তেই নেটপাড়ায় ঝড় তুলেছে।
জবাব দিতে ময়দানে ‘ওহ লাভলি’ মদন
প্রধানমন্ত্রীর ঝালমুড়ি কাণ্ড যখন রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয়, ঠিক তখনই আসরে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সোমবার দুপুরে আগরপাড়া স্টেশনের কাছে প্রচারে বেরিয়ে তিনি সোজা ঢুকে পড়েন একটি ঝালমুড়ির দোকানে। চোখে সেই আইকনিক কালো রোদচশমা আর পরনে সাদা পোশাক— এই স্টাইলেই বিক্রেতার থেকে ডাব্বা কেড়ে নিয়ে নিজেই ঝালমুড়ি মাখতে শুরু করেন মদন।
মশলাদার লড়াই ও জনজোয়ার
শুধু ঝালমুড়ি মাখাই নয়, বেশ সাবলীল হাতে মশলা মিশিয়ে সেই মুড়ি কর্মী-সমর্থকদের মুখেও তুলে দেন তিনি। মদন মিত্রের এই রূপ দেখতে আগরপাড়া এলাকায় রীতিমতো ভিড় জমে যায়। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার পাল্টা জবাব দিতেই কি মদন বাবুর এই ‘লাইভ পারফরম্যান্স’?