বাংলার ভোটে টাকার লড়াই! প্রথম দফায় বিজেপির কতজন প্রার্থী ‘কোটিপতি’? সংখ্যাটা জানলে চমকে যাবেন!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে বাংলায়। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভাগ্যপরীক্ষা প্রার্থীদের। কিন্তু ভোটের ময়দানে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি নজর কেড়েছে প্রার্থীদের বিপুল সম্পত্তির খতিয়ান। প্রথম দফার নির্বাচনের আগে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ যে তথ্য প্রকাশ করেছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

বিজেপির কতজন কোটিপতি? রিপোর্ট অনুযায়ী, এ বার প্রথম দফার প্রার্থী তালিকায় বিজেপির হয়ে লড়ছেন ৭১ জন কোটিপতি প্রার্থী। শতাংশের নিরিখে যা প্রায় ৪৭ শতাংশ। অর্থাৎ গেরুয়া শিবিরের প্রতি ১০ জন প্রার্থীর মধ্যে প্রায় ৫ জনই কোটিপতি। বিজেপির ১৫২ জন প্রার্থীর ঘোষিত গড় সম্পদের পরিমাণ প্রায় ২.৫৭ কোটি টাকা

সম্পত্তির পাহাড়ে তৃণমূল, পিছিয়ে নেই কংগ্রেস-বামেরা কোটিপতি প্রার্থীর সংখ্যার নিরিখে অবশ্য বিজেপিকে টেক্কা দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের প্রথম দফার প্রার্থীদের মধ্যে ১০৬ জন কোটিপতি, যা মোট প্রার্থীর ৭২ শতাংশ। গড় সম্পদের নিরিখেও শীর্ষে জোড়াফুল শিবির (৫.৭০ কোটি টাকা)।

অন্যদিকে, জাতীয় কংগ্রেসের ৫০ জন (৩৩ শতাংশ) এবং তুলনামূলক কম সম্পদ নিয়ে লড়াই করছেন বাম প্রার্থীরা। সিপিআই(এম)-এর ২৪ জন প্রার্থী কোটিপতি তালিকায় থাকলেও তাঁদের গড় সম্পদ সবচেয়ে কম— মাত্র ৯২.৪২ লক্ষ টাকা।

সবচেয়ে ধনী প্রার্থী কারা? এবারের নির্বাচনে ‘টপার’ হিসেবে উঠে এসেছেন জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ১৩৩ কোটি ৫২ লক্ষ টাকা। এছাড়া ১০০ কোটির ক্লাবে রয়েছেন বাঁকুড়ার বরজোড়া কেন্দ্রের গৌতম মিশ্র (১০৫ কোটি ৭৫ লক্ষ টাকা)।

একনজরে প্রথম দফার লড়াই:

  • ভোট গ্রহণ: ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল।

  • ফলাফল: ৪ মে।

  • মোট কোটিপতি প্রার্থী: ৩০৯ জন।

বাংলার এই হাইভোল্টেজ নির্বাচনে শেষ হাসি কে হাসবে— বিপুল বিত্তশালী প্রার্থীরা নাকি আমজনতা, তা জানা যাবে ৪ মে।