ডিএ বাড়ল ৫%! এপ্রিল থেকেই মোটা টাকা ঢুকবে পকেটে, কোন রাজ্যের কর্মীদের কপাল খুলল?

মধ্যপ্রদেশের মোহন যাদব সরকার তার রাজ্যের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক বড়সড় উপহারের ঘোষণা করেছে। ষষ্ঠ বেতন স্কেল (6th Pay Scale) প্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসা কর্মচারীরা সরাসরি লাভবান হবেন।

কবে থেকে কার্যকর এবং কত বকেয়া?

  • কার্যকর সময়: এই বর্ধিত ডিএ ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর বলে গণ্য করা হবে।

  • বেতন বৃদ্ধি: কর্মচারীরা ২০২৬ সালের এপ্রিল মাসের বেতন থেকেই এই বর্ধিত টাকা হাতে পাবেন।

  • বকেয়া (Arrears): ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বকেয়া অর্থ মোট ছয়টি সমান কিস্তিতে প্রদান করা হবে (মে থেকে অক্টোবর ২০২৬-এর মধ্যে)।

চতুর্থ ও পঞ্চম পে-স্কেলেও বড় স্বস্তি:

সরকার কেবল ষষ্ঠ বেতন স্কেল নয়, বরং চতুর্থ ও পঞ্চম স্কেলে কর্মরতদের জন্যও বড় ঘোষণা করেছে:

  • পঞ্চম বেতন স্কেল: মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে ৮%

  • চতুর্থ বেতন স্কেল: মহার্ঘ ভাতা এক লাফে ৩০% পর্যন্ত বাড়ানো হয়েছে। এই দুই বিভাগেও বৃদ্ধি কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে এবং বকেয়া মেটানো হবে কিস্তিতে।

অবসরপ্রাপ্ত ও ডেপুটেশনে থাকা কর্মীরাও সুবিধা পাবেন:

সরকার স্পষ্ট করেছে যে, সরকারি উদ্যোগ, কর্পোরেশন বা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের যে কর্মীরা রাজ্য সরকারের ডেপুটেশনে আছেন, তাঁরাও এই সুবিধা পাবেন। এছাড়া, সংশ্লিষ্ট সময়ের মধ্যে যারা অবসর নিয়েছেন বা মৃত কর্মচারীর পরিবার মনোনীত সদস্যকে বকেয়া অর্থ এককালীন দিয়ে দেওয়া হবে।


পশ্চিমবঙ্গের চিত্রটা কী?

মধ্যপ্রদেশ সরকার যখন তাদের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও কেন্দ্রের তুলনায় অনেকটাই পিছিয়ে। এদিনের খবরে স্বাভাবিকভাবেই বাংলার সরকারি কর্মীদের মনে প্রশ্ন উঠেছে— “এ রাজ্যে কবে মিলবে ন্যায়সঙ্গত মহার্ঘ ভাতা?” মধ্যপ্রদেশের এই ঘোষণার পর মমতা সরকারের ওপর চাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।